ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনিজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে প্যারাগুয়ে। ২৪ জুলাই ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি।
বুধবারের এ খেলায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্যারাগুয়ের পাঁচটি শট জাল খুঁজে পেলেও ভেনিজুয়েলা মাত্র তিনবার বল জালে জড়াতে সক্ষম হয়।
পেনাল্টি শুটআউটে ভেনিজুয়েলার ফ্রাঙ্কলিন লুসেনার শট আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক জাস্তো ভিলার। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ের জয়ের নায়কও ছিলেন ভিলার।
এ জয়ের মধ্য দিয়ে ১৯৭৯ সালের পর প্রথম কোপা আমেরিকার ফাইনালে উঠেছে প্যারাগুয়ে, যদিও এবার ফাইনালে ওঠার পথে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। গ্র"প পর্যায়ের তিনটি খেলাতেই ড্র করে তারা। আর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জেতে টাইব্রেকারে। টাইব্রেকারের জয় রেকর্ড বুকে ড্র হিসেবেই লেখা থাকবে।
বুধবার দিনটি আসলে ভেনিজুয়েলার ছিলো না। অপেক্ষাকৃত ভালো খেলেও দুর্ভাগ্যজনভাবে তাদেরই বিদায় নিতে হলো। অতিরিক্ত সময়ে ভেনিজুয়েলার দুটি গোলের সুযোগ গোলপোস্টের কারণে নষ্ট হয়। এছাড়াও গোলের আরো ভালো কিছু সুযোগ পেয়েছিলো দলটি।
৯৩ মিনিটে বদলি খেলোয়াড় মালদোনাদোর আড়াআড়ি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। কয়েক মিনিট পর হুয়ান আরেঞ্জোর ফ্রি-কিকের বলও পোস্টে বাধা পায়। ৯৬ মিনিটে কাছে থেকে নেয়া নিকোলাস ফেদোরের শট কোনো মতে ফিরিয়ে দেন ভিলার।
ছয় মিনিট পর দশ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন জনাথন সান্তানা।
১০ জনের প্যারাগুয়েকে আরো চাপে ফেলে ভেনিজুয়েলা। পেনাল্টি স্পটের কাছ থেকে নেয়া সালোমোন রোনদোনের শটটিও দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ভিলার। আর ১১৪ মিনিটে ভেনিজুয়েলার রক্ষণভাগের গ্যব্রিয়েলের শটটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।
কোপা আমেরিকায় এই প্রথমবারের মত সেমিফাইনাল খেলে ভেনিজুয়েলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১০১৮ ঘ.
bdnews24