ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনালে পেরুকে ২ গোলে হারিয়ে এক যুগ পর আবার কোপা আমেরিকার ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
দীর্ঘদিন পর এ সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উরুগুয়ের খেলোয়াড় ও সমর্থকরা। তবে উরুগুয়ের মাঝমাঠের খেলোয়াড় আলভারো পেরেইরা সতীর্থদের সাবধান করে দিয়ে বলেছেন, ফাইনালে হাওয়ায় ভাসলে চলবে না বরং পা মটিতে রেখেই খেলতে হবে।
লা প্লাতায় মঙ্গলবার খেলা শেষে পেরেইরা আরো বলেন, "এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি দারুণ খুশি। কিন্তু আমাদের মাটিতে পা রেখে চলতে হবে। এই দলটির জয়ের ক্ষুধা প্রচণ্ড। আমরা প্রতিটি ম্যাচই ফাইনাল মনে করে খেলেছি। তারপরও আমরা ভুল করেছি। আজকের ম্যাচেরও বেশ কিছু ভুল হয়েছে। কিন্তু এখন আমাদের ওই সব ভুল শুধরে নিতে হবে। আশা করি আমরাই শিরোপা জিতবো।"
প্রতিযোগিতার ফাইনাল খেলা রোববার। ওই দিন প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে উরুগুয়ে। প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার খেলা বুধবার।
শুরুতে কোপা আমেরিকার নাম ছিলো সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। ১৯১৬ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর একচেটিয়া প্রধান্য দেখিয়েছে উরুগুয়ে। সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ২৯টি আসরের মধ্যে উরুগুয়ে শিরোপা জেতে ১১ বার।
১৯৭৫ সালে প্রতিযোগিতাটির নতুন নাম দেওয়া হয় কোপা আমেরিকা। ১৯৮৩ ও ১৯৮৭ সালে পরপর দুবার শিরোপা জিতলেও এর পরই কোপায় উরুগুয়ের প্রধান্য কমতে থাকে।
সর্বশেষ ১৯৯৫ সালে নিজ দেশে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জেতে উরুগুয়ে। এছাড়া ১৯৯৯ সালে দলটি কোপা আমেরিকার ফাইনাল খেলেছিলো। তবে সেবার ব্রাজিলের কাছে হেরে যায় তারা।
এবারের বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া উরুগুয়ের সামনে হারানো রাজত্ব ফিরে পাওয়ার এর চেয়ে ভালো সুযোগ হয়তো আর আসবে না। কারণ এরই মধ্যে কোপা থেকে বিদায় নিয়েছে গত কয়ের দশক ধরে কোপায় রাজত্ব করা ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে মহাদেশে তাদের রাজত্ব ফিরে পাচ্ছে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে রোববারের ফাইনাল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১৩৩১ ঘ.
bdnews24