ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও ব্রাজিলের কোপা আমেরিকা অভিযানের করুণ সমাপ্তিতে কষ্ট পেয়েছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বার্সা কোচ।
জাতীয়তায় গার্দিওলা স্পেনের মানুষ। দক্ষিণ আমেরিকার 'কোপা' নিয়ে খুব একটা মাথাব্যথা থাকার কথা নয় তার। তারপরও কোপাতে ব্রাজিল ও আর্জেন্টিনার বিদায় সহজভাবে মেনে নিতে পারেননি এ তরুণ কোচ। কারণ হিসেবে বলেছেন, গুটি'কয়েক কাছের মানুষের কোপার মতো আসর থেকে এত দ্রুত বিদায় মেনে নেয়া কষ্টকর।
বার্সেলোনার কিছু খেলোয়াড় ব্রাজিল ও আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করছেন। কোচ হিসেবে তাদের বিদায় কিছুটা পীড়াদায়কই বটে গার্দিওলার কাছে। সংবাদ সম্মেলনে সে কথা অকপটে স্বীকার করেছেন তিনি, "আমার খারাপ লাগছে। এই দুই দলে আমার বন্ধু আর খেলোয়াড়রা আছেন।"
আর্জেন্টিনার গ্যাব্রিয়াল মিলিতো ও লিওনেল মেসি এবং ব্রাজিলের আদ্রিয়ানোর সঙ্গে কথা হয়েছে বলেও জানান গার্দিওলা।
তবে কষ্টের মাঝে লাভটা কিন্তু ওই গার্দিওলারই হয়েছে! ৮ অগাষ্ট বার্সা কর্তৃপক্ষ ছুটির শেষ দিন হিসেবে ঘোষণা করেছে। খেলোয়াড়দের কোপা সফর শেষ হওয়ায় এর আগেই তারা ক্যাম্পে যোগ দেবেন বলে মনে করেন গার্দিওলা।
"তাদের এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। তবে আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পে যোগ দেবেন তারা।"
ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড় ছাড়াই গত সোমবার শুরু হয়েছে বার্সেলোনার প্রাক মৌসুম ক্যাম্প। চলতি মাসের শেষে বার্সার যুক্তরাষ্ট্র সফর রয়েছে। সেখানে প্রাক মৌসুম প্রস্তুতি হিসেবে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে ইউরো ও স্পেন চ্যাম্পিয়নরা।
মেরিল্যান্ডের ফেডএক্সফিল্ডে প্রাক মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে জুলাইয়ের ৩০ তারিখ ম্যানচেষ্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা। অগাষ্টের তিন তারিখ বার্সার প্রতিপক্ষ শিভাস গুয়াদালাজয়ারা।
ক্লাব আমেরিকার সঙ্গে ৬ অগাষ্টের ম্যাচটি দিয়ে শেষ হবে বার্সার যুক্তরাষ্ট্র সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২৫৯ ঘ.
bdnews24