ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটন ঘটেই চলেছে এবারের কোপা আমেরিকায়। শেষ আটের চার ম্যাচেই অঘটন ঘটেছে। বিদায় নিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা ও গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আসলেও বড় দলগুলোর জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থাকলো এবারের কোপা। সে কথাই ফুটিয়ে তুলেছেন তায়িব অনন্ত।
কোপার ইতিহাসে 'ফেভারিট'রা এবারের মতো নাকানিচুবানি আর কখনো খায়নি। সেরা তিন দল ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রত্যেকে প্রথম দুই ম্যাচ ড্র করায় স্পষ্ট হয়ে উঠেছিল, এবারের কোপা বিচিত্র স্বাদ উপহার দিতে যাচ্ছে। গ্র"প পর্যায়ের শেষ ম্যাচে আবার স্বরূপে হাজির হয় দল তিনটি। ব্রাজিল ৪-২ গোলে ইকুয়েডরকে, আর্জেন্টিনা ৩-০ গোলে কোস্টারিকাকে এবং উরুগুয়ে ১-০ গোলে মেক্সিকোকে হারিয়ে সগর্বে পা রাখে শেষ আটে। ফিরিয়ে আনে ল্যাটিন ফুটবলের সেই ছন্দ। সেখানকার চারটা খেলার তিনটি গড়ায় অতিরিক্ত সময়ে, যার মধ্যে দু'টোর নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
তিন ম্যাচেই অঘটন! প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। স্বাগতিক দেশ আর্জেন্টিনার স্বপ্নযাত্রার সমাধি ঘটায় আরেক 'ফেভারিট' উরুগুয়ে। আর পেরুর কাছে অতিরিক্ত সময়ে দুই গোল হজম করে থেমে যায় কলম্বিয়ার কোপা অভিযান।
শেষ আটের শেষ লড়াইটার দিকে কারো তখন মনোযোগ নেই। কেননা তিন অঘটন হজম করাই কষ্টসাধ্য হয়ে পড়েছিল ফুটবল অনুরাগীদের। তাই কারো নজরে আসেনি, চিলিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপার শেষ চারে নাম লেখায় ভেনিজুয়েলা।
কোপার চার কোয়ার্টার ফাইনালের প্রতিটিতে হেরেছে 'ফেভারিট'রা! শুধু কোপা নয়, ফুটবল বিশ্বের কোনো প্রতিযোগিতার ইতিহাসে এমন ঘটনা বিরল। নেই বললেই চলে।
পেরু বনাম কলম্বিয়া
আর্জেন্টিনাকে টপকে গ্র"প পর্যায়ে প্রথম স্থান দখল করে কলম্বিয়া। স্বাভাবিকভাবেই পেরুর বিপক্ষে 'ফেভারিট' ছিল কলম্বিয়াই। নির্ধারিত ৯০ মিনিটে আধিপত্য দেখিয়ে 'ফেভারিট'র তকমার যথার্থ করে তোলে দলটি। সুন্দর ফুটবল উপহার দিয়ে মুগ্ধও করে দর্শকদের। শুধু গোলটাই পাওয়া হয় না তাদের। দলের সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাও পেনাল্টি থেকে গোল করতে পারেননি। দু'বার বল পেরুর গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে অতিরিক্ত সময়ে পাল্টে যায় খেলার চিত্র। কলম্বিয়াকে নাজেহাল করে ছাড়ে পেরু। শেষ পর্যন্ত লবাতোন ও ভার্গাসের গোলে পৌছেও যায় সেমিফাইনালে।
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ সবসময়ই বিশেষ কিছু। দু'দলই ১৪ বার কোপা চ্যাম্পিয়ন। মেসি ও ফোরলান লড়াই ম্যাচটাকে আলাদা একটা মর্যাদা এনে দিয়েছিল। ভারসাম্যের দিক দিয়ে দল দুটোতে সমতা থাকলেও স্বাগতিক দেশ ও সমর্থকদের বিচারে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
কিন্তু শুরুতেই পাশার দান পাল্টে গেল। ফোরলানের ফ্রি-কিক থেকে গোল করেন পেরেজ। সেই সঙ্গে এগিয়ে যায় উরুগুয়ে। এ অবস্থায় মেসি কিভাবে বসে থাকেন? জাতীয় দলের প্রতি তার 'কমিটমেন্ট' নিয়ে প্রশ্নের বাঁধ ভেঙ্গে দেয়ার জন্যই যেন দারুণ এক 'সেট-পিস' বানিয়ে দেন হিগুইনকে। মাথা ছুঁয়ে বাকি কাজটা সেরে ফেলেন রিয়াল মাদ্রিদ তারকা। খেলা যখন ১-১ গোলে সমতায়, তখন পেরেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় উরুগুয়ে পরিণত হয় দশজনের দলে। সে অবস্থায় কাগজে-কলমে দুর্বল উরুগুয়েকে চেপে ধরার বদলে উল্টো চাপে পড়ে যায় আর্জেন্টিনা।
লুই সুয়ারেজ আর ফোরলান ত্রাস ছড়াতে থাকেন আর্জেন্টিনা শিবিরে। আর গোলরক্ষক মুসলেরো আস্থার প্রতিদান দিতে থাকেন নিজের জায়গায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ানো ম্যাচটি মুসলেরোর দারুণ দক্ষতায় ৪-৩ গোলে জিতে নেয় উরুগুয়ে। জার্সিতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন গঞ্জালো হিগুইন। আর হতাশ মেসি উপুড় হয়ে মাঠেই মুখ লুকোতে চান। দর্শকদের প্রবল দুয়ো ধ্বনির মুখে মাথা নিচু করে মাঠ ছাড়ে সার্জিও বাতিস্তার দল।
ব্রাজিল বনাম প্যারাগুয়ে
গ্র"প পর্যায়ে প্যারাগুয়ের বিপক্ষে হারতে হারতে ২-২ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ভঙ্গুর ব্রাজিল আক্ষরিক অর্থেই জ্বলে ওঠে শেষ আটে। তবে গোলের খেলা ফুটবলে কেবল গোল পায়নি। এছাড়া সম্ভাব্য সব কিছুই করেছে মানো মেনেজেসের দল। নিশ্চিত পাঁচটি গোলের সুযোগ নষ্ট করে তারা। পাতো-নেইমাররা ব্যর্থ হন প্রতিপক্ষের জালে বল পাঠাতে। আর যে বলটি জালমুখী হয়েছে, তার সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান প্যারাগুয়ের গোলরক্ষক জাস্টো ভিলা।
নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে খেলা যায় টাইব্রেকারে । আর চরম চাপের মুখে ভেঙ্গে পড়েন ব্রাজিল খেলোয়াড়রা। চারটি পেনাল্টি শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। ২-০ গোলে হার মেনে তল্পিতল্পা গোছায় ব্রাজিল। তবে মেনেজেসের দল সান্ত্বনা পেতে পারে প্যারাগুয়ের হেইদো ভালদেসের কথায়, "আমরা ভালো খেলেনি। ভাগ্য আমাদের সঙ্গে ছিল।"
চিলি বনাম ভেনিজুয়েলা
ব্রাজিলকে রুখে দিয়ে এবারের কোপায় যাত্রা শুরু করে ভেনিজুয়েলা। 'ডার্কহর্স' কথার যথার্থ অনুবাদ করে কোপার ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। 'ফেভারিট' চিলির বিপক্ষে প্রথমার্ধে ভিজকারোন্দোর গোলে এগিয়ে যায় ভেনিজুয়েলা। দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে সুয়াজুর গোলে খেলায় ফিরে আসে চিলি। শেষ মিনিটে ভেনিজুয়েলার চিচেরো গোল করলে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় চিলিকে।
সেমিফাইনাল
২০ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পেরু ও উরুগুয়ে। আর ২১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভেনিজুয়েলা ও প্যারাগুয়ে। দু'টো খেলায়ই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬.৪৫ মিনিটে। গ্র"প পর্যায়ে পেরু ও উরুগুয়ের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর প্যারাগুয়েকে ৩-৩ গোলে রুখে দিয়েছিল ভেনিজুয়েলা।
এবারের কোপা বড়ই বিচিত্র রূপ নিয়ে হাজির হয়েছে। কার মাথায় উঠবে শিরোপা বলা মুশকিল। তবে ৪৩তম কোপা অভিযান বড় দলগুলোর জন্য একটা দুঃস্বপ্ন হয়ে থাকলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪৪ ঘ.
bdnews24