২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালে থাকার প্রশ্নই আসে না: এনামুল

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 'ডাগ-আউট' এ বসে প্রায় একটি মৌসুম পার করে দিলেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক । মৌসুমের শেষ ভাগে এসে তাই দল ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 'ডাগ-আউট' এ বসে প্রায় একটি মৌসুম পার করে দিলেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক । মৌসুমের শেষ ভাগে এসে তাই দল ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরের সঙ্গে আলাপচারিতায় নতুন ঠিকানার কথা না বললেও আবাহনীতে যেতে পারেন বলে আভাস দিলেন গত বছর বাংলাদেশ লিগের সবোর্চ্চ গোলসংগ্রহকারী এনামুল, "ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের সঙ্গে কথা হয়েছে। এখনও জানি না কোথায় যাব। তবে আবাহনীতে যাওয়ার সম্ভাবনাই বেশি।" অর্থের বিষয় খুবই চমৎকারভাবে এড়িয়ে গেলেন এনামুল, "টাকা নিয়ে আমি ভাবি না। ভালো পরিবেশ পেলে খেলতে সমস্যা নেই আমার।" 'শেখ জামাল ছাড়ছেন কেন?' এই প্রশ্নের জবাবে এনামুলের কণ্ঠ থেকে বেরুলো, "জামালে থাকার প্রশ্নই ওঠে না।" শেখ জামাল কোচ পাকির আলী ও এনামুল দ্বৈরথ এই মৌসুমে চায়ের কাপে ভালোই ঝড় তুলেছে। ২০১০ মৌসুমে আবাহনীর হয়ে বাংলাদশে লিগ কাঁপিয়েছেন এনামুল। আক্রমণভাগটা নিজের জায়গা হলেও সারা মাঠ জুড়ে খেলার কারণে ফুটবলমোদীদের কাছে প্রশংসিত হন। সেই খেলোয়াড়ই কি না ২০১১ তে এসে ঘরোয়া দলেই উহ্য রইলেন! কারণটা ব্যাখ্যা করলেন এনামুল নিজেই, "ফেডারেশন কাপের সেরা খেলোয়াড় ছিলাম আমি। তখনকার কোচ জোরান কার্লোভিচ বাংলাদশে লিগের শুরুতেই চলে গেলেন। নতুন কোচ (পাকির আলী) আমাকে মধ্যমাঠে খেলাতে চাইলেন। আমি ওই জায়গার খেলোয়াড় না।" বাকিটা আর বলার প্রয়োজন মনে করলেন না। মধ্যমাঠে ভালো খেলতে পারেন নি বলেই দলে জায়গা হারান তিনি। এটা সহজবোধ্য যে পাকির আলীর অপাত্র হওয়ার কারণেই তাকে বসে থাকতে হয়েছে। তবে পাকির আলীকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এনামুল। অল্প কথায় বলেছেন, "ওনার পছন্দ ছিল না। তাই খেলাননি।" ঘরোয়া ফুটবলের সঙ্গে জাতীয় দলের জায়গাটাও হারিয়েছেন এনামুল। মাঠের বাইরে বসে দেখেছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের ৩-০ গোলের বিশাল জয়। লেবাননের বিপক্ষে প্রাক বাছাই দ্বিতীয় পর্বে আবার মাঠে নামছে বাংলাদেশ দল। নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কিতো তাকে খেলতেই দেখেননি। তাই বাংলাদেশ দলে সাতটা পরিবর্তন হলেও তাতে জায়গা হয়নি এনামুলের। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার তীব্র বাসনা বোঝা গেলো এনামুলের কথায়। বললেন, "আমি ফিরে আসবোই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২৩৪৩ ঘ.