২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান বার্সেলোনার মতো ফুটবল খেলে!

জাপানের মেয়েদের ফুটবল দল বার্সেলোনার মতো ফুটবল খেলছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ও আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) টেকনিক্যাল স্ট্যাডি গ্র"পের সদস্য এপ্রিল হেনরিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপানের মেয়েদের ফুটবল দল বার্সেলোনার মতো ফুটবল খেলছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ও আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) টেকনিক্যাল স্ট্যাডি গ্র"পের সদস্য এপ্রিল হেনরিচ। জার্মানিতে এখন মেয়েদের বিশ্বকাপ চলছে। প্রতিযোগিতা শুরুর আগে সবাই জাপানকে 'ডার্ক-হর্স' বললেও তারা শেষ পর্যন্ত ফাইনাল খেলবে তা কল্পনাতীত ছিল। সেই কল্পনাকে হার মানিয়ে দুইবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রাঙ্কফুর্টের ফাইনালে নামছে তারা। অসাধ্য সাধনের পথে শেষ আটে 'টপ-ফেভারিট' ও স্বাগতিক জার্মানিকেও বিদায় করেছে নাদেসিকো'রা। তাদের নিয়ন্ত্রিত ফুটবল, ছন্দ, ধীর গতিতে ম্যাচের লাগাম হাতে তুলে নেয়া এবং আক্রমণাত্মক মানসিকতা মুগ্ধ করেছে হেনরিচকে। তাই 'তুলনা' করতে গিয়ে স্পেনের বার্সাকে জাপানের পাশে এনে দাঁড় করিয়েছেন তিনি। হেনরিচ বলেন, "তারা আসলে মেয়েদের বার্সেলোনা। শেষ চারে যারা সুইডেনকে ৩-১ গোলে উড়িয়ে দিতে পারে, তারা এমন তুলনারই যোগ্য।" "প্রত্যেকটি খেলোয়াড় বল নিয়ন্ত্রনে দক্ষ এবং ফুটবলটা দুই পায়েই ভালো খেলে। তাদের গতিবিধি বিপদজনক। এই এগিয়ে যাচ্ছে তো আবার পিছিয়ে এসে বল ধরছে। তারা আত্মবিশ্বাসীও বটে," বলেন হেনরিচ। স্মৃতিচারণ করতে গিয়ে ৯১' সালের জাপান দলের কথা মনে পড়েছে হেনরিচের। এমন ফুটবল তিন বা চার বছরে নয় বরং ২০ বছরের সাধনা- এটা বোঝাতে গিয়েই তার স্মৃতিরোমন্থন, "১৯৯১ সালে তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলেছিলাম আমি। এই ধরনের ফুটবল তারা ২০ বছর ধরে খেলছে। অবশেষে তার ফলও পেতে যাচ্ছে। মেয়েদের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে গেছে জাপান দলটি।" তবে জাপান কোচ নোরিও সাসাকি বার্সা 'তুলনায়' খুব একটা আগ্রহী নন। নিজের দলকে আলাদা একটা দল হিসেবেই দেখতে চাইছেন তিনি, "আমার দলের সঙ্গে অন্য কোনো দলের তুলনায় যেতে চাচ্ছি না। আমরা বেইজিং অলিম্পিক গেমসে একত্রিত হয়েছিলাম। তিন বছর ধরে এই দলটি এক সঙ্গে খেলছে। মেয়েরাও যথেষ্ট পরিপক্ক হয়েছে।" রোববারে ফাইনাল সম্পর্কে কোচের একটাই বাক্য,"ঝাঁপিয়ে পড়ো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২০৯ ঘ.