ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে গ্রমীণফোন সুপার কাপের সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অথচ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল।
এই খেলায় হারার ফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো শেখ রাসেলকে। আর সেমিফাইনালে উঠলো মোহামেডান। এর আগে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।
দুই খেলার একটিতে জয় ও একটি ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয় মুক্তিযোদ্ধা। আর দুই খেলার দু'টিতে ড্র করায় মোহামেডানের ঝুলিতে জমা পড়ে ২ পয়েন্ট। এর আগে শেখ রাসেল ১-১ গোলে ড্র করে মোহামেডানের সঙ্গে। ফলে দলটির পয়েন্ট দাঁড়ায় ১।
শেষ চারের লড়াইয়ে শেখ জামাল খেলবে মোহামেডানের সঙ্গে। আর মুক্তিযোদ্ধা লড়বে আবাহনীর বিপক্ষে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৩৩ মিনিটে শেখ রাসেলের বিদেশি খেলোয়াড় ডিউকের গোলে এগিয়ে যায় দলটি। বানগুরা ইসমাইলের কাছ থেকে বল পেয়ে তীব্র শট নেন ডিউক। বল আশ্রয় নেয় জালে।
এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মুক্তিযোদ্ধা। কিন্তু ছেড়ে কথা বলেনি শেখ রাসেলও। ফলে চলতে থাকে আক্রমণ ও পাল্টা-আক্রমণ। ৪৫ মিনিটে মুক্তিযোদ্ধাকে খেলায় ফিরিয়ে আনেন মিথুন চৌধুরী। মতিউর মুন্নার 'ব্যাকপাস' থেকে বল পেয়ে শেখ রাসেলের গোলরক্ষক মামুন খানের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি কাক্সিক্ষত ঠিকানায়।
খেলার ৬৭ মিনিটে মুক্তিযোদ্ধার আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় বুকোলা জয়সূচক গোলটি করেন। মারুফ আহমেদের 'ফ্রি-কিক' থেকে বল পেয়ে শট নেন মতিউর মুন্না। কিন্তু পোস্টে লেগে বল ফিরে আসে। ফিরতি বল জালে পাঠিয়ে দেন বুকোলা।
এরপর গোল করার বেশ কয়েকটি সুযোগ পায় শেখ রাসেল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৩৪ ঘ.
bdnews24