ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে জাপান ও যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে বুধবার জাপান পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে সুইডেনকে। এছাড়া যুক্তরাষ্ট্র একই ব্যবধানে জিতেছে ফ্রান্সের বিপক্ষে।
এই প্রথম ফাইনাল খেলবে এশিয়ার একমাত্র প্রতিনিধি জাপান। এর আগে দুবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র।
বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে ১০ মিনিটেই গোল করে সুইডেনকে এগিয়ে নেন জোসেফিন ওকুভিস্ট। তবে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেননি।
১৯ মিনিটের মাথায় গোল করে জাপানকে সমতায় ফেরান নাহোমি কাওয়াসুমি। আয়া মিয়ামার আড়াআড়ি শটের বল ধরে সুইডেনের গোলরক্ষক লিন্ডালের দুই পায়ের ফাঁক গলিয়ে বল জালে জড়ান কাওয়াসুমি।
প্রথমার্ধ ১-১ গোলে অমীমাংসিত থাকে।
দ্বিতীয়ার্ধের তুলনামূলক ভালো খেলতে থাকে জাপান। ৫৯ মিনিটের মাথায় জাপানকে এগিয়ে নেন তাদের অভিজ্ঞ মাঝমাঠের খেলোয়াড় হোয়ারে শেওয়া। এই নিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলছেন ৩২ বছর বয়সী শেওয়া। যদিও গোলটি ছিলো লিন্ডালের ভুলের মাশুল। গোলমুখ লক্ষ্য করে নেয়া একটি শট তিনি ঠেকিয়ে দিলেও বলটি ধরে রাখতে পারেননি। আর ওই বল মাথা দিয়ে জালে জড়িয়ে দেন শেওয়া।
পাঁচ মিনিট পর জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন কাওয়াসুমি। সেই সঙ্গে জাপানের জয়ও নিশ্চিত হয়।
এদিকে প্রথম সেমিফাইনালে ৯ মিনিটেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন লরেন চেনি। ৫৫ মিনিটে খেলায় সমতা ফেরান ফ্রান্সের সোনিয়া বোমপাস্তোর।
খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে অ্যাবে ওয়ামব্যাচ গোল করে আবারো যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন। মাথা দিয়ে তিনি বল জালে জড়িয়ে দেন।
দুই মিনিট পর ফ্রান্সের কফিনে শেষ পেরেকটি ঠোকেন যুক্তরাষ্ট্রের বদলি খেলোয়াড় অ্যালেক্স মর্গান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯৩০ ঘ.
bdnews24