ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার কাপে আবাহনী লিমিটেডের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোচ পাকির আলী প্রশংসা করলেন আবাহনী লিমিটেডের। বলেন, আবাহনীই প্রতিযোগিতার অন্যতম সেরা দল।
আর খেলা শেষে আবাহনী কোচ অমলেশ সেনের সেই চিরাচরিত আফসোস, "আজও (বুধবার) খেলেয়াড়রা গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।" অবশ্য ভাগ্যও সুপ্রসন্ন ছিল না বলে মনে করেন তিনি।
সুপার কাপে গ্র"প পর্বের শেষ খেলায় ড্র করে গ্র"পের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় আবাহনী। আর গ্র"প চ্যাম্পিয়ন হয় শেখ জামাল।
সুপার কাপে নিজেদের প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। সেই বিধ্বস্ত ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে আবাহনী। তাই আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে 'ফেভারিট'র তকমাটা শেখ জামালের গায়েই সেটে ছিল।
মাঠের খেলায় তা বোঝার উপায় কই? ৯০ মিনিট ধরে আবাহনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে জাতীয় দলের নয় খেলোয়াড় সমৃদ্ধ শেখ জামাল। খেলা শেষে মাঠে তার দলের মতোই রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেন শেখ জামালের শ্রীলঙ্কার কোচ পাকির, "মানতে হবে আবাহনী প্রতিযোগিতার অন্যতম সেরা দল। আজকের (বুধবার) দিনটাও ছিল ওদের।"
শেখ জামাল কেন একটিও পরিকল্পিত আক্রমণ চালাতে পারলো না? এই প্রশ্নের জন্য মনে হয় আগেই নিজেকে প্রস্তুত রেখেছিলেন এই বিদেশি কোচ, "সেমিফাইনাল নিশ্চিত ছিল বলেই খেলোয়াড়রা একটু গা-ছাড়াভাব দেখিয়েছে। এছাড়া দলের নতুন খেলোয়াড়দেরও একটু ঝালাই করে দেখলাম।"
অন্যদিকে অমলেশ সেন বললেন, ড্র নয়, জেতার জন্যই মাঠে নেমেছিল আবাহনী। অসংখ্য সুযোগ পেলেও খেলোয়াড়রা তা কাজ লাগাতে পারেননি।
এছাড়া ভাগ্যদেবীও মুখ ফিরিয়ে ছিলেন বলে মনে করেন অমলেশ। বলেন, "মেহদী হাসান উজ্জ্বলের দূরপাল্লার শট গোলপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। আইডু ইব্রাহিমও চেষ্টা করেছেন। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে তার শট। ইবনুল সিরাজীও ভালো খেলেছে। কিন্তু গোলটাই খালি হয়নি।"
তবে শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী তিনি, "আশা করছি শিরোপা জিতবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩৪৩ ঘ.
bdnews24