২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেবায়োরকেই পছন্দ মরিনহোর

নেইমার, সার্জিও অ্যাগুয়েরো ও ইমানুয়েল আদেবায়োর মধ্যে শেষ জনকেই মনে ধরেছে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেইমার, সার্জিও অ্যাগুয়েরো ও ইমানুয়েল আদেবায়োর মধ্যে শেষ জনকেই মনে ধরেছে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর। এরই মধ্যে সামনের মৌসুমের পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন মরিনেহো। তার মধ্যে আক্রমণভাগের একজন খেলোয়াড়ও আছেন (হোসে মারিও ক্যালেজন)। তারপরও করিম বেনজেমা, গঞ্জালো হিগুইন ও নতুন অন্তর্ভূক্তি ক্যালেজনে পিপাসা মিটছে না রিয়াল কোচের। সোমবার ঘটা করে জানিয়েছিলেন, আক্রমণভাগে আরো একজন খেলোয়াড় চান তিনি। এ কথায় নতুন 'ঠিকানা'র আশায় থাকা আক্রমণভাগের খেলোয়াড়রা নড়েচড়ে বসেছেন। তাতে অবশ্য লাভ নেই। কারণ মঙ্গলবার মরিনহো যা বললেন, তাতে প্রায় নিশ্চিত হয়ে গেছে কাকে ভেড়াতে যাচ্ছেন দলে। নেইমার বা সার্জিও অ্যাগুয়েরো নয়, মরিনহোর পছন্দ ম্যানচেস্টার সিটির ইমানুয়েল আদেবায়োরকে। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে আদেবায়োর ধারে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। সেদিকেই ইঙ্গিত করে মরিনহো বলেন, "নেইমার স্যান্তোসের খেলোয়াড়। অ্যাগুয়েরোর নামটা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে যুক্ত। আর আদেবায়োর ম্যান সিটির। যাই হোক, তারই (আদেবায়োর) দলের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ গত মৌসুমে ছয় মাস তিনি আমাদের হয়ে খেলেছেন।" রিয়ালের সঙ্গে নেইমার আর অ্যাগুয়েরো গুজবের ইতি হয়তো এখানেই থেমে যাবে। আপাতত "কে পাবেন ওই জায়গা" এই প্রশ্নের চেয়ে মরিনহোর নজর এখন অনুশীলনের দিকেই কিছুটা বেশি। প্রস্তুতির অংশ হিসেবে রিয়াল এখন যুক্তরাস্ট্র সফর করছে। কিন্তু ইউরোপে এত জায়গা থাকতে অনুশীলন 'ক্যাম্প' যুক্তরাষ্ট্রে কেন? শুনুন মরিনহোর কন্ঠে, "যুক্তরাষ্ট্রে হাঁটা-চলার স্বাধীনতা পাচ্ছে খেলোয়াড়রা। ইউরোপে তো তারা ঘর থেকেই বের হতে পারেন না!" এই না হলে মরিনহো, 'দ্য স্পেশাল ওয়ান'। ভরা সংবাদ সম্মেলনে দলের জনপ্রিয়তার কথা কত সুন্দর করেই না বলেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/টিআর/২২৫২ ঘ.