ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের খেলার মতো এগিয়ে গিয়েও জিততে পারলো না মোহামেডান লিমিটেড। মঙ্গলবার গ্রামীণফোন সুপার কাপে নিজেদের দ্বিতীয় খেলাতেও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি।
প্রথম খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে মোহামেডান। দুই খেলায় ২ পয়েন্ট পাওয়ার পরও মোহামেডান শেষ চারে ওঠার সম্ভাবনা ভেসে যায়নি। গ্র"পের শেষ খেলায় মুক্তিযোদ্ধা ও শেখ রাসেল ৩-৩ গোলে ড্র করলে অবশ্য স্বপ্ন ভেঙে যাবে মোহামেডানের। আর ২-২ গোলে ড্র কিংবা মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের মধ্যে যে দল জিতবে সে দল যাবে শেষ চারে। সঙ্গে অবশ্যই থাকবে বর্তমান চ্যাম্পিয়ন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ভাগ্যদেবী মোহামেডানের সঙ্গে ছিল না। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে তারা।
পাঁচ মিনিটে আক্রমণভাগের তরুণ খেলোয়াড় তৌহিদুল আলম ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে নেন মোহামেডানকে। দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় সানডে সিজোবাকে বক্সের সামনে ফেলে দেন শেখ রাসেলের রক্ষণভাগের খেলায়াড় প্রদীপ বড়ুয়া। রেফারি আব্দুল হান্নান মিরন ফ্রি-কিকের নির্দেশ দেন।
এক গোলে এগিয়ে থেকে সুন্দর ফুটবলই উপহার দিচ্ছিল মোহামেডান। কিন্তু ৪৪ মিনিটে শেখ রাসেলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় বানগুরা ইসমাইল গোলটি শোধ শোধ করেন। মোহামেডানের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে মোহামেডান গোল করার মতো বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি এর একটিও। ফলে ড্র করেই মাঠ ছাড়তে হয় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫২ ঘ.
bdnews24