ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা সুপার কাপে আবাহনী লিমিটেডকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। খেলায় গোল করতে পারেনি কোনো দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় আবাহনী যে গোলের সুযোগ পায়নি, তা নয়। সহজ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি আবাহনীর আক্রমণভাগের খেলোয়াড়রা। তেমনি ব্রাদার্স খেলোয়াড়রাও পারেননি নিজেদের মেলে ধরতে।
তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ব্রাদার্স ছন্নছাড়া ফুটবল খেললেও আবাহনীর বিপক্ষে অনেক ভালো খেলেছে।
শেখ জামালের কাছে ৬-১ গোলে হার মানে গোপীবাগের দলটি।
আবাহনীকে রুখে দিলেও খুব একটা লাভ হয়নি ব্রাদার্সের। সুপার কাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ব্রাদার্সকে সেমিফাইনাল খেলতে হলে, আবাহনীকে পরের খেলায় শেখ জামালের কাছে হারতে হবে ছয় গোলের ব্যবধানে।
ব্রাদার্সের বিপক্ষে ভাগ্যদেবী মোটেও মুখ তুলে তাকাননি আবাহনীর দিকে। অবশ্য দলের আক্রমণভাগের খেলোয়াড়রাও ছিলেন চরম ব্যর্থ। ফলে শেষ চারে জায়গা করে নেয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।
আবাহনীর পক্ষে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন মেহেদী হাসান উজ্জ্বল। বিশেষ করে, খেলার ২৪ মিনিটে আবাহনীর মাঝমাঠের ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিমের শট ব্রাদার্স গোলরক্ষক সবুজ দাস রঘুর হাত ফসকে বেরিয়ে যায়। বলটি পেয়ে যান উজ্জ্বল। শটও নেন তিনি। কিন্তু বল চলে যায় গোলপোস্টের খানিকটা বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। মোটেও মেলে ধরতে পারেননি আবাহনীর আক্রমণভাগের খেলোয়াড়রা। তবে ৫৫ মিনিটে নিশ্চিত একটি গোল রক্ষা করেন ব্রাদার্সের গোলরক্ষক রঘু। হেদায়েতুল্লাহ রবিনের বাড়ানো বলে প্রচণ্ড শট নেন উজ্জ্বল। কিন্তু তা চমৎকার দক্ষতায় ঠেকিয়ে দেন রঘু।
খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে পাল্টা-আক্রমণ চালিয়ে গোল করার একটা সুযোগ তৈরি করে ব্রাদার্স। দলের মাঝমাঠের ব্রাজিলের খেলোয়াড় এভারটন বক্সের ঠিক বাইরে থেকে তীব্র শট নেন। কিন্তু বল চলে যায় ক্রসবার ঘেঁষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৮ ঘ.
bdnews24