ঢাকা, ৯ জুলাই ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমএফএসের দ্বিতীয় পর্বের খেলাটি সমঝোতায় হয়েছে বলে নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি। তবে তারা সেটিকে পাতানো খেলা বলতে নারাজ! এ জন্য ক্লাব দুটিকে জরিমানার সুপারিশ করা হয়েছে।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান সালাম মুর্শেদী শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। পরে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে এটি জমা দেন।
প্রতিবেদনে দুই ক্লাবের বিপক্ষে কোন শাস্তির সুপারিশ করা হয়নি। শেখ জামালকে ২০ লাখ টাকা এবং রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা করার সুপারিশ করা হয়। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
বাংলাদেশ লিগের বাইলজে জরিমানা করার কোনো নিয়ম নেই। কোনো দল পাতানো ম্যাচ খেলেছে বলে তদন্তে প্রমাণিত হলে সে দলটিকে নিচের ধাপে নামিয়ে দেয়ার বিধান রয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদনে কমিটি তেমন কোনো সুপারিশ করেনি।
তাছাড়া যদি পাতানো খেলা নাই হয়ে থাকে, তাহলে তদন্ত কমিটি কি করে জরিমানার সুপারিশ করলো ক্লাব দুটিকে ? এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত হন তদন্ত কমিটির প্রধান সালাম মুর্শেদী।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, "ভিডিও ফুটেজ দেখে এবং খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হয়নি। সমঝোতার ভিত্তিতে খেলেছে দু'দল। তাই আমরা বাফুফের নির্বাহী কমিটিকে এমন সুপারিশ করেছি।"
"পর্যাপ্ত প্রমাণের অভাবে এর বেশি কিছু করার সুপারিশ করতে পারিনি আমরা। তবে এ বিষয়ে বাফুফের নির্বাহী কমিটি সরকারের গোয়েন্দাবিভাগকে দায়িত্ব দিতে পারে বলেও সুপারিশ করা হয়েছে। তাহলে হয়তো আরও সুচারুরূপে প্রমাণ মিলবে, " জানান সালাম মুর্শেদী।
দুই ক্লাবের বিপক্ষে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও বলির পাঁঠা করা হয়েছে রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখকে। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়। এছাড়া ক্লাবটির ফুটবল কমিটির সহ-সম্পাদক সালাউদ্দিন কালাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করা হয়।
মুক্তিদ্ধোর কোচ মারুফুল হককে দুই মাসের জন্য নিষিদ্ধ করার সুপাারিশ করা হয়। তিনি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না হলেও রহমতগঞ্জের ফুটবল কমিটির সহ-সম্পাদক সালাউদ্দিন কালাকে নাকি মিষ্টি খাওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকা দেয়ার প্রস্তাব দেন। তাই শাস্তির সুপারিশের আওতায় মারুফও পড়েছেন।
যে খেলাটি নিয়ে এত সন্দেহ, সে খেলায় শেখ জামালের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ লিগের খেলায় ১১ জুন দু'দল মুখোমুখি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২০২৮ ঘ.
bdnews24