২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়েকে আলভেজের সম্মান, নেইমার চান জয়

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় খেলায় প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের নেইমার। আর প্রতিপক্ষকে শক্তিশালী দল হিসেবে অভিহিত করেছেন দানি আলভেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় খেলায় প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের নেইমার। আর প্রতিপক্ষকে শক্তিশালী দল হিসেবে অভিহিত করেছেন দানি আলভেস। খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায়। জয় তো সবাই চায়। যেমনটা প্যারাগুয়েও চাইছে ব্রাজিলের বিপক্ষে জিততে। তবে কোপার ৪৩তম আসর এত অঘটনের জন্ম দিচ্ছে যে প্রতিটি ম্যাচই এখন যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। ছোট দলগুলোর কাছে হোঁচট খেয়েই চলেছে বড় দলগুলো। আর্জেন্টিনা প্রথম দু'ম্যাচে ড্র করেছে। উরুগুয়েও চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ব্রাজিলও এর বাইরে নয়। ভেনিজুয়েলার জালে একবারও বল জড়াতে পারেনি তারা। শনিবারের প্রতিপক্ষ প্যারাগুয়ে তো ভেনিজুয়েলার চেয়ে ঢের শক্তিশালী। তাই আবারো পয়েন্ট খোঁয়ানোর ভয় ব্রাজিলের মনে থাকাই স্বাভাবিক। এই জায়গায় কূটনীতির আশ্রয় নিয়েছেন আলভেজ। ভয়কে জয় করা ধরনের কথা না বলে প্যারাগুয়েকে ভালো দলের মর্যাদাই দেন তিনি। "প্যারাগুয়ে আক্রমণ করতে ভালোবাসে। আপনার প্রতিপক্ষ যখন আক্রমণাত্মক, তখন খেলা উন্মুক্ত হয়ে যায়। গোলের সুযোগও তৈরি হয় বেশি," বলেন তিনি। ভেনিজুয়েলার বিপক্ষে কড়া নজরে ছিলেন নেইমার। খেলতে পারেনি তার সহজাত ফুটবল। অনুপস্থিত ছিল জোগো বনিতো। প্যারাগুয়েরও কড়া নজরে থাকবেন নেইমার। তবে এবার আর বোতলবন্দি হয়ে থাকতে রাজি নন নেইমার। তরুণের কন্ঠে তাই জয়ের ক্ষুধা, "আমাকে নজরে রাখা হবে জানতাম। স্যান্তোসেও একই ঘটনার স্বীকার হই আমি। এবার একটু বেশি প্রস্তুতি নিয়েছি আমি, যাতে শনিবার জয় নিয়ে মাঠ ছাড়তে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৫ ঘ.