২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের পরিচালক হচ্ছেন জিদান

রিয়াল মাদ্রিদের পরিচালক পদে বসতে যাচ্ছেন ফ্রান্সের জীবন্ত কিংবদন্তী জিনেদিন জিদান। জর্জ ভালদানোর স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের পরিচালক পদে বসতে যাচ্ছেন ফ্রান্সের জীবন্ত কিংবদন্তী জিনেদিন জিদান। জর্জ ভালদানোর স্থলাভিষিক্ত হবেন তিনি। মে মাসে রিয়াল কর্তৃপক্ষ ভালদানোকে বরখাস্ত করে। বর্তমানে জিদান ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর ফলে তিনবারের বিশ্ব সেরা খেলোয়াড় জিদান স্পেনের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে পারবেন। এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, "আমি রিয়ালের পরিচালক হতে যাচ্ছি।" পরিচালক হওয়ার এই সিদ্ধান্তের পেছনে রিয়াল কোচ হোসে মরিনহো তাকে প্রভাবিত করেন বলে জানান জিদান, "মরিনহো চাইছিলেন আমি পরিচালক হই। ফ্লোরেন্তিনো পেরেজেও চাইছিলেন এটা।" সামনের মৌসুমের জন্য এই দায়িত্ব নেয়ার কথা ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ বিশ্বকাপ জয়ের নায়ক জিদানের। তবে কাগজ-কলমে বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই তিনি দায়িত্ব বুঝে নিতে চান, "আমি সামনের মঙ্গলবার থেকে মৌসুমের শেষ পর্যন্ত কাজ করতে চাই।" জিদানের ইচ্ছাতেই ফ্রান্সের যুব দলের খেলোয়াড় রাফায়েল ভারানেকে এই গ্রীষ্মে দলে ভিড়িয়েছে রিয়াল। আরেক তরুণ তারকা নেইমারকে নিয়ে রিয়ালের ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে জিদান বলেন, "নেইমার অনেকটা রবিনহোর মতো। যদিও অনেক বেশি গোল করার ক্ষমতা তার আছে। নেইমারের খুব সম্ভবত রিয়ালে খেলার ইচ্ছে আছে।" রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম খেলেছেন জিদান। দলটির হয়ে ২২৫ ম্যাচ খেলে গোল করেন ৪৯টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৫৮ ঘ.