২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগেই জিম্বাবুয়ে যেতে পারে বাংলাদেশ

নির্ধারিত সময়ের চারদিন আগেই জিম্বাবুয়ে সফরে যেতে পারে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ের চারদিন আগেই জিম্বাবুয়ে সফরে যেতে পারে বাংলাদেশ। জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ২৮ জুলাই। সফরে বাংলাদেশের একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলার কথা। বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। ছয় বছর আগে নির্বাসনে যায় দেশটি। এদিকে বাংলাদেশও টেস্ট খেলতে নামছে ১৪ মাস পর। বাংলাদেশ ক্রিকেট বোার্ডের (বিসিবি) ভারপ্রান্ত ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান বলেন, "পরিকল্পনা অনুযায়ী, ২৮ জুলাই বাংলাদেশের জিম্বাবুয়ে যাওয়ার কথা। তবে চার দিন আগে ২৪ জুলাই দল ঢাকা ছেড়ে যেতে পারে। এ ব্যাপারে আমরা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছি। তবে এখনো উত্তর আসেনি।" আবহাওয়ার কারণে বাংলাদেশের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবারও ঠিকমতো অনুশীলন করা সম্ভব হয়নি। শতভাগ প্রস্তুতি নেয়ার জন্য নির্বাচক, কোচ ও খেলোয়াড়রা বারবার প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলছেন। তবে সমস্যা আছে আবহাওয়া নিয়ে। তিন নির্বাচকের একজন মিনহাজুল আবেদীন নান্নু বলেন, "জিপি-বিসিবি একাডেমি মাঠে শনিবার থেকে দু'দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে। এছাড়া ১৩ তারিখ থেকে চারদিনের একটি ম্যাচ আয়োজন করা হতে পারে। খেলোয়াড়রা দুই ভাগ হয়ে এতে অংশ নেবেন।" তবে আবহাওয়ার কথা উল্লেখ করে নান্নু বলেন, "আবহাওয়া ভালো থাকলে ম্যাচ হবে।" দক্ষিণ আফ্রিকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলে 'ব্যয়বহুল' হওয়ায় তাও বাতিল করা হয়। এর আগে জিম্বাবুয়েতে বাড়তি একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলেও স্বাগতিকরা অপরাগতা প্রকাশ করে। তবে একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৩ ঘ.