২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো আর্জেন্টিনার ড্র

এবার কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলো আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম খেলায় বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সার্জিও বাতিস্তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:00 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করলো আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম খেলায় বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সার্জিও বাতিস্তার দল। আর্জেন্টিনার এই ড্র অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কোচ সার্জিও বাতিস্তার মূল একাদশ নিয়ে আগে থেকেই সমালোচনা করা হচ্ছিল। কলম্বিয়ার সঙ্গে বুধবার ড্রয়ের করায় বাতিস্তার কোচের পদটা তাই কিছুটা নড়বড়ে হয়ে গেলো। সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুইন ও দিয়েগো মিলিতোর মতো খেলোয়াড়দের 'বেঞ্চ'-এ রেখে মূল একদশ সাজানোর খেসারত আবারো দিলেন বাতিস্তা। তার পছন্দের দুই খেলোয়াড় এজেকুয়েল ল্যাভেজ্জি ও এভার বানেগার ব্যর্থতাই প্রশ্নের মুখে ফেলবে তাকে। ম্যাচে আর্জেন্টিনা হেরে গেলেই বরং স্বাভাবিক হতো। রামোস ও মরেনোর ভুলে সহজ দু'টো গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। আর গোলরক্ষক সার্জিও রোমেরো দু'বার গোলের হাত থেকে বাঁচিয়েছেন আর্জেন্টিনাকে। পুরো খেলায় মাত্র একবার গোলের স্পষ্ট সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল প্রতিযোগিতার স্বাগতিক দলটি। কিন্তু এজেকুয়েল ল্যাভেজ্জি কাজে লাগাতে পারেননি তা। প্রথম দশ মিনিট অবশ্য অন্য কিছুর আভাস দিচ্ছিল। বলের দখলে আর্জেন্টিনাই এগিয়ে ছিল। লাতিন ছন্দের তালে তালে ৭ মিনিটে গোলের সুযোগও সৃষ্টি করে তারা । বলিভিয়ার বিপক্ষে মূল একাদশে সুযোগ না পাওয়া জাবালেতা মাঝমাঠ থেকে দৌড়ে এসে কলম্বিয়ার বক্সে বল পেয়ে যান। কিন্তু শরীরের ভারসাম্য রাখতে না পেরে বল পাঠিয়ে দেন বাইরে। আর্জেন্টিনা চেপে ধরায় সে সময় রক্ষণভাগ সামলে পাল্টা-আক্রমণ চালিয়ে গোল আদায়ের চেষ্টা চালায় কলম্বিয়া। প্রথম ১৫ মিনিটে তিনটি ফ্রি-কিকও আদায় করে তারা। একটি ফ্রি-কিকও অবশ্য কাজে লাগাতে পারেনি। খেলার ২০ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে আর্জেন্টিনার বক্সে বল পান কলম্বিয়ার তারকা খেলোয়াড় রাদামেল ফ্যালকাও। সতীর্থ রামোসের জায়গা বুঝে আলতো করে বলটা ভাসিয়ে দেন তার দিকে। আগুয়ান রামোসের সামনে তখন গোলরক্ষক রোমেরো ছাড়া কেউ নেই। কি যে হলো কোস্টারিকার বিপক্ষে জয়সূচক গোলদাতা রামোসের। বলটা ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে নিজেই অবাক হয়ে যান! ৬ মিনিট পর ম্যাচের সবচেয়ে সহজ সুযোজটি পায় কলম্বিয়া। গ্যাব্রিয়েল মিলিতোর জঘন্য ভুলে আবারো রোমেরোকে একা পান রামোস। তাকে কাটিয়ে বেরিয়েও যান রোমেস। কিন্তু রক্ষণ সেনা বুর্দিসো কোথা থেকে যেন উদয় হন। দলকে বাঁচাতে বক্সে রামোসকে ফেলে দেন তিনি। সঙ্গে নিজের নিয়ন্ত্রণও হারান। পরিষ্কার পেনাল্টি। কিন্তু বল তখন মরেনোর পায়ে। কলম্বিয়াকে 'অ্যাডভান্টেজ'র সুযোগ দিয়ে খেলা চালিয়ে যান রেফারি। মরেনোর দিকে তখন গোলপোস্ট হাঁ করে চেয়ে আছে। সবাইকে অবাক করে বলটি গোলপোস্টের বাইরে মেরে বসেন মরেনো। পাড়ার ফুটবলেও সহসা কেউ এমন ভুল করে কি না সন্দেহ। নিশ্চুপ মেসি ৩১ মিনিট পর জ্বলে ওঠেন। রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়ের ভেতর দিয়ে বল ঠেলে দেন ল্যাভেজ্জিকে। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক মার্টিনেজের গায়ে মেরে বসলেন তিনি। প্রথমার্ধের শেষ তিন মিনিট আর্জেন্টিনার উপর ছোটখাটো একটা ঝড় বইয়ে দেয় ফ্যালকাওয়ের কলম্বিয়া। কিন্তু গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আর্জেন্টিনার হতাশাজনক ফুটবলের প্রদর্শনী। বল দখলের লড়াইয়ে তারা এগিয়ে থাকলেও সুন্দর ফুটবলের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলোমেলো আক্রমণগুলো খেঁই হারিয়ে ফেলেছে কলম্বিয়ার রক্ষণভাগে গিয়ে। নিরুপায় কোচ বাতিস্তা ৬০ মিনিটে ল্যাভেজ্জি ও ক্যাম্বিয়াসোর বদলে মাঠে নামান আগের ম্যাচের গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো ও ফার্নান্দো গ্যাগোকে। অ্যাগুয়েরো নামতেই আর্জেন্টিনার খেলায় প্রাণ ফিরে আসে। দল হিসেবে খেলতে শুরু করে তারা। জায়গা বানিয়ে আক্রমণগুলোকে পূর্ণতা দেয়ার চেষ্টাও দেখা যায় তাদের মধ্যে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠায় বেশিরভাগ খেলোয়াড় উপড়ে উঠে খেলতে থাকে। এতে রক্ষণভাগ খালি হয়ে যাওয়ায় ৬৬ মিনিটে গোল প্রায় হজম করে ফেলেছিল মেসির দল। পাবলো আরমেরোর বাঁকানো শট গোলরক্ষক রোমেরোকে ফাঁকি দিলেও পোস্টে হাওয়া লাগিয়ে বেরিয়ে যায়। ৭২ মিনিটে আরেক অনুজ্জ্বল খেলোয়াড় এভার বানেগার বদলে মাঠে নামানো হয় গঞ্জালো হিগুইনকে। শেষ ১৮ মিনিট গোলের জন্য একের পর আক্রমণ চালিয়ে গেছে স্বাগতিক আর্জেন্টিনা। কিন্তু অনুজ্জ্বল মেসি, তেভেজ, জানেত্তিরা কলম্বিয়ার জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি। এই ম্যাচে আর্জেন্টিনার প্রাপ্তি অ্যাগুয়েরো ও হিগুইনের একক ফুটবল প্রদর্শনী। আরেকজনের কথা না বললে ভুল হবে। তিনি হলেন সার্জিও রোমেরো। খেলার শেষ মুহূর্তে গুদিরেজের শট না থামালে হার নিয়েই মাঠ ছাড়তে হতো ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে মাঠ ছাড়তে হয়েছে তাদের গ্যালারি-ভর্তি দর্শকের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে। গ্র"প পর্বের শেষ খেলায় তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার অতিথি কোস্টারিকা। কোস্টারিকাকে কি হারাতে পারবে এই আর্জেন্টিনা? শেষ আটে কি জায়গা করে নিতে পারবে বাতিস্তার দল? প্রশ্ন দু'টোর উত্তর আপাতত জানা নেই। তবে এই আর্জেন্টিনার গা থেকে যে 'ফেভারিট'র তকমা সরে গেছে, এটা এতক্ষণে জানা হয়ে গেছে সবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০৮৫৭ ঘ