ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার কাপের ফাইনালে অগাস্টে মুখোমুখি হচ্ছে স্পেনের দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই পর্বের খেলা হবে ১৪ ও ১৭ তারিখে।
লা লিগার নতুন মৌসুমও শুরু হবে অগাস্টে। তবে নিয়মানুযায়ী, এর আগেই সুপার কাপের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয়ে থাকে লা লিগা ও কিংস কাপ চ্যাম্পিয়ন দুই দল। তাই মৌসুম শুরুতেই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ও রিয়াল। গত মৌসুমে ১৮ দিনের মধ্যে চারটি 'এল-ক্লাসিকো' দেখেছিল ফুটবল দুনিয়া। সেই চার ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। ব্যাপারটা অনেকটা ব্রাজিল ও আর্জেন্টিনা লড়াইয়ের মতো। বার্সা-রিয়ালের নাম শুনলেই যেন ফুটবল বিশ্ব দু'ভাগে বিভক্ত হয়ে যায়।
বুধবার স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএল) নতুন মৌসুমে খেলার দিনক্ষণ ঘোষণা করেছে। বার্সার নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে অগাস্টের ২০/২১ তারিখে। প্রতিপক্ষ মালাগা। আর লা লিগায় রিয়ালের মৌসুম শুরু হবে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
লা লিগার দুই 'এল-ক্লাসিকো'তে ডিসেম্বরের ১০/১১ তারিখ রিয়ালের মাঠ বার্নেব্যুতে অতিথি হয়ে আসবে বার্সা। আর সামনের বছর এপ্রিলের ২১/২২ তারিখ বার্সার মাঠে খেলতে আসবে রিয়াল।
ডিসেম্বরে বার্নেব্যুর খেলার তারিখ বদলে যেতে পারে। কারণ ওই সময় বিশ্ব ক্লাব কাপ ফুটবলের ফাইনালে বার্সা ব্রাজিলের ক্লাব স্যান্তোসের মুখোমুখি হবে।
সব মিলে যা দাঁড়াচ্ছে, তাতে সামনের মৌসুমে রিয়াল-বার্সা চারবার মুখোমুখি হবে। এর মধ্যে যদি চ্যাম্পিয়ন্স লিগ ও কিংস কাপে দু'দলের দেখা হয়, তাহলে 'এল-ক্লাসিকো'র সংখ্যা বেড়ে যাবে আরও চারটি।
ভেবে দেখুন, বিশ্বের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো আটবার একে অপরের মুখোমুখি হতে পারেন। মরিনহো ও পেপ গার্দিওলাও থাকবেন মাঠের পাশের লড়াইয়ে।
তাই বলা চলে, স্পেনের ফুটবল দারুণ এক মৌসুমের আভাস দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৮ ঘ.
bdnews24