ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় বললেন কার্লোস তেভেজ। সোমবার এক বিবৃতিতে ক্লাব ছাড়ার কথা জানান তিনি। পরে ফোন করে ম্যানচেস্টার কর্তৃপক্ষকে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
ম্যান সিটিতে যোগ দেয়ার পর থেকেই দলে তেভেজের মন বসছিল না। এর আগেও কয়েকবার দল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কোচ রবার্ত মানচিনির সঙ্গে শীতল সম্পর্কই ছিল এর মূল কারণ।
এ বছর তেভেজের নেতৃত্বে এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় ম্যান সিটি । সেই সময় কোচ রবার্তো মানচিনি জোর দিয়ে বলেছিলেন, তার দলেই থেকে যাবেন তেভেজ। তারপরও এই গ্রীষ্মেই বিদায় নেওয়ার কথা নিশ্চিত করলেন তেভেজ।
বিবৃতিতে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের এ খেলোয়াড় বলেন, "আমার দুই মেয়ে কেটি ও ফ্লুরেন্সিয়াকে ছাড়া ম্যানচেস্টারে থাকা আমার জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। তাদের কাছাকাছি থাকা প্রয়োজন। আমি তাদের জন্য সব কিছুই করতে পারি।"
"আমি তাদের সুখী দেখতে চাই। কেননা তাদের ঘিরেই আমার জীবন। আমি এমন জায়গায় থাকতে চাই, যেখানে থাকলে আমার দুই মেয়েকে কাছে রাখতে পারবো," বলেন তিনি।
দুই কন্যাসহ তেভেজের স্ত্রী বর্তমানে আর্জেন্টিনায় থাকেন।
বিবৃতিতে তেভেজ আরও বলেন, "গত এক বছর আমি ও আমার পরিবার যে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আশা করি সবাই তা বুঝতে পারবেন।"
তবে সমর্থক ও ক্লাবের মালিক শেখ মনসুরের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে বলেও তিনি জানান।
ম্যান সিটির এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেন, "দলের সাফল্য দেখে সমর্থকরা নিশ্চয় বুঝতে পেরেছেন যে, মাঠে আমি শতভাগ ঢেলে দিয়েছি।"
তেভেজ ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ম্যান সিটিতে যোগ দেন। ম্যান সিটির জার্সিতে ৬৫ ম্যাচে করেন ৪৩ গোল। ২০১০-১১ মৌসুমে ২১ গোল করে হন ইংলিশ প্রিমিয়ার লিগের সবোর্চ্চ গোল সংগ্রহকারী। স্থানটি অবশ্য তাকে ভাগাভাগি করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের দিমিতের বারবেতভের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এবি/টিআর/টিএ/১৭২৭ ঘ.
bdnews24