২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পাশে গ্রন্দোনা

কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় আশানুরূপ খেলতে না পারায় আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের সমালোচনা করলেও লিওনেল মেসির প্রশংসা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (এএফএ) হুলিও গ্রন্দোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার উদ্বোধনী খেলায় আশানুরূপ খেলতে না পারায় আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের সমালোচনা করলেও লিওনেল মেসির প্রশংসা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (এএফএ) হুলিও গ্রন্দোনা। আর্জেন্টিনা দলের খেলা শেষে জার্সি খুলতে না খুলতেই সমালোচনার হুল ফুটতে থাকে তার গায়ে। অবশ্য এর কারণও আছে। বার্সেলোনার দুর্দান্ত 'ফর্ম' আকাশি-নীল ডোরা-কাঁটা জার্সি গায়ে কখনোই মেলে ধরতে পারেননি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়টি। জাতীয় দলের হয়ে 'পারফর্মেন্স'র কারণে সংবাদ মাধ্যমগুলো প্রায় প্রতিনিয়ত দেশের প্রতি তার ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলে। কোপা আমেরিকার উদ্বোধনী খেলা শেষে আবারো সে প্রশ্নের মুখে পড়েন মেসি। তবে এমন সঙ্কটময় মুহূর্তে তিনি পাশে পাচ্ছেন সভাপতি গ্রন্দোনাকে। রেডিও ডেল প্লাটার সঙ্গে সাক্ষাৎকারে গ্রন্দোনা বলেন, "মেসি সবসময় ভালো খেলেন। খারাপ খেলতে তাকে দেখিনি। বরং দলের অন্য সদস্যরা ওই কাজটাই করে যান।" মেসির 'মেসিময়' ফুটবল খেলতে না পারার কারণও ব্যাখ্যা করেন সভাপতি, "বল পাচ্ছিলেন না তিনি। তাই একটু নিচে নেমে খেলতে হয়েছে তাকে।" স্বাভাবিকভাবেই সারা বছরজুড়ে বার্সেলোনার হয়ে যা করেন মেসি, তার ব্যতিক্রম হওয়ায় পুরোপুরি নিজের পেখম মেলতে সক্ষম হননি তিনি। আর্জেন্টিনার পরবর্তী খেলা বুধবার। প্রতিপক্ষ কলম্বিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪৫ ঘ.