ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলে বুধবার ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। দিনের অপর খেলায় নরওয়ে একই ব্যবধানে জেতে ইকোয়েটরিয়াল গিনির বিপক্ষে।
ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন রোসানা। নরওয়ের হয়ে গোল দেন এমিলি হাভি।
অস্ট্রেলিয়াকে হারিয়ে এখন অনেকটাই নির্ভার ব্রাজিল কোচ ক্লেইটন লিমা।
ম্যাচ শেষে তিনি বলেন, "একটা কঠিন খেলায় আমরা জিততে পেরেছি।" প্রতিযোগিতার বাকি সময় তার দল স্বস্তিতে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার ৫৪ মিনিটে গোল করেন রোসানা। অস্ট্রেলিয়ার এলোমেলো রক্ষণভাগের উপর দিয়ে ব্রাজিলের ক্রিশ্চিয়ান বল দেন রোসানার কাছে। মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
রক্ষণভাগে তিন খেলোয়াড় রেখে আক্রমণে যায় ব্রাজিল। ফিফার পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা জ্বলে উঠতে না পারায় সেভাবে দানা বাঁধতে পারেনি আক্রমণগুলো। এক্ষেত্রে অবশ্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কথাও বলতে হয়। তারা ভালোভাবেই সামাল দিয়েছে ব্রাজিলের আক্রমণভাগের প্রধান দুই অস্ত্র ক্রিশ্চিয়ান ও মার্তাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্তা গোল করতে না পারায় মোটেও হতাশ নন লিমা। তিনি বলেন, "মার্তা দারুণ খেলেন। কিন্তু তার উপরই সব দায়িত্ব আপনি ছেড়ে দিতে পারেন না। ফুটবল এগারজনের খেলা। অন্যরা তাকে (মার্তা) সাহায্য করবে এবং তিনি দলকে সাহায্য করবেন। কারণ আমরা একটা দল।"
এর আগে দিনের প্রথম খেলায় ইকেয়োটরিয়াল গিনির রক্ষণভাগের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না নরওয়ে। ভাগ্যও অবশ্য তাদের সঙ্গে ছিল না। নরওয়ের খেলোয়াড়দের তিনটি শট গিনির গোলরক্ষককে ফাঁকি দিলেও গোলপোস্টে লেগে ফিরে আসে।
এক সময়ে মনে হচ্ছিল খেলা অমীমাংসিতভাবে শেষ হতে যাচ্ছে। তবে ৮৪ মিনিটে হাভির গোলে স্বস্তির নিশ্বাস ফেলে নরওয়ে। বদলি খেলোয়াড় লেনি লারসেন ডান প্রান্ত দিয়ে উঠে বল দেন ফাঁকায় দাঁড়ানো হাভিকে। গোল করতে ভুল করেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৮২৮ ঘ.
bdnews24