২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে নাদাল, জকোভিচ, সোঙ্গা ও মারে

উইম্বল্ডনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, জো উইলফ্রেড সোঙ্গা ও অ্যান্ডি মারে। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বল্ডনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, জো উইলফ্রেড সোঙ্গা ও অ্যান্ডি মারে। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রজার ফেদেরার। সেমিফাইনালে শুক্রবার জকোভিচের মুখোমুখি হবেন সোঙ্গা। আর নাদাল খেলবেন মারের বিপক্ষে। গতবছরও উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল ও মারে। ছয়বারের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই ফেদেরার টানা দ্বিতীয়বার উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। ফেদেরারের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। প্রথম সেটে উড়িয়ে দেন ফ্রান্সের সোঙ্গাকে। দ্বিতীয় সেটে দ্বাদশ বাছাই সোঙ্গা বেশ লড়াই করে খেলা নিয়ে যান টাইব্রেকারে। তবে আর কুলিয়ে উঠতে পারেননি। হার মানতে হয় তাকে। এরপরই ঘুরে দাঁড়ান সোঙ্গা। এর আগে প্রথম দুই সেট জেতার পর কখনো হারেননি ফেদেরার। রেকর্ডটা ছিল দেখার মতো ১৭৮-০। কিন্তু এবার প্রথমবারের মতো দুই সেট জিতেও হার মানতে হলো তাকে। পরের তিন সেট যেন একটা আরেকটার অনুলিপি। সেট তিনটি সোঙ্গা জেতেন সমান ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-৬, ৬(৩)-৭(৭), ৬-৪, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন সোঙ্গা। এদিকে চোটে আক্রান্ত শীর্ষ বাছাই নাদাল ৬-৩, ৬-৬, ৫-৭ ও ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে। চতুর্থ পর্বে খেলার সময় নাদাল পায়ে চোট পান। টানা তৃতীয়বারের মত উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে স্পেনের ফিলিসিয়ানো লোপেজকে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারান তিনি। মারে একমাত্র খেলোয়াড় যিনি কোয়ার্টার ফাইনালে কোনো সেট হারেননি। অন্য কোয়ার্টার ফাইনালে উড়তে থাকা বার্নার্ড টমিচকে মাটিতে নামিয়ে আনেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ। ৬-২, ৩-৬, ৬-৩ ও ৭-৫ ব্যবধানে জেতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/ ১১২৯ ঘ.