ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রজার ফেদেরার। আর সেমিফাইনালে পা রেখেছেন নোভাক জকোভিচ ও জো উইলফ্রেড সোঙ্গা।
ছয়বারের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই ফেদেরার টানা দ্বিতীয়বার উইম্বল্ডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন।
ফেদেরারের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। প্রথম সেটে উড়িয়ে দেন ফ্রান্সের সোঙ্গাকে। দ্বিতীয় সেটে দ্বাদশ বাছাই সোঙ্গা বেশ লড়াই করে খেলা নিয়ে যান টাইব্রেকারে। তবে আর কুলিয়ে উঠতে পারেননি। হার মানতে হয় তাকে।
এরপরই ঘুরে দাঁড়ান সোঙ্গা। এর আগে প্রথম দুই সেট জেতার পর কখনো হারেননি ফেদেরার। রেকর্ডটা ছিল দেখার মতো ১৭৮-০। কিন্তু এবার প্রথমবারের মতো দুই সেট জিতেও হার মানতে হলো তাকে।
পরের তিন সেট যেন একটা আরেকটার অনুলিপি। সেট তিনটি সোঙ্গা জেতেন সমান ৬-৪ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-৬, ৬(৩)-৭(৭), ৬-৪, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন সোঙ্গা।
অন্য কোয়ার্টার ফাইনালে উড়তে থাকা বার্নার্ড টমিচকে মাটিতে নামিয়ে আনেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ। ৬-২, ৩-৬, ৬-৩ ও ৭-৫ ব্যবধানে জেতেন তিনি।
প্রথম সেটে জকোভিচের কাছে পাত্তাই পাননি টমিচ। কিন্তু পরের সেটেই ঘুরে দাঁড়ান। তবে ওই শেষ। এরপর আর জকোভিচের সঙ্গে পেরে ওঠেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৪৮ ঘ.
bdnews24