ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে তিন গোলের জয়কে প্রত্যাশার চেয়েও বেশি বলে অভিহিত করেছেন বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় বাংলাদেশ জেতে ৩-০ গোলে।
ইলিয়েভস্কি খেলা শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, "এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এ জয় আমার, দলের খেলোয়াড়, এ দেশের মানুষের ও আমার দেশের ফুটবলের জন্য একটা সু-সংবাদ।"
"ফিরতি খেলায় (৩ জুলাই) আমরা আবারো পাকিস্তানকে হারাবো," ঘোষণা করলেন বাংলদেশ কোচ।
অধিনায়ক হিসেবে প্রথম খেলাতেই বড় জয়ের মুখ দেখলেন বিপ্লব ভট্টাচার্য। তাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, "নিজেদের মাঠে বড় জয় পেয়েছি। ওদের মাঠ থেকেও জিতে ফিরতে পারবো।"
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, "যুদ্ধের মাঠে সৈনিকরা কখনই পিছু হটতে জানে না। আমরা খেলার মাঠের সৈনিক। আমার মনে হয় না, খেলার মাঠে এর প্রভাব পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/টিআর/২২৫৮ ঘ.
bdnews24