২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ, বাংলাদেশ'

প্রবল বৃষ্টির মধ্যেও পুরো ৯০ মিনিট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের চিৎকার করে সমর্থন জুগিয়েছেন প্রায় চার হাজার দর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বৃষ্টির মধ্যেও পুরো ৯০ মিনিট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের চিৎকার করে সমর্থন জুগিয়েছেন প্রায় চার হাজার দর্শক। এই চার হাজার সংখ্যাটি খুবই নগণ্য। তবে বাংলাদেশের সাম্প্রতিক ফুটবলের ইতিহাসে একসঙ্গে এতো দর্শকের আগমন সত্যিই বিরল। সদ্য শেষ হওয়া বাংলাদেশ লিগে সবচেয়ে বেশি তিন হাজার দর্শক হয়েছিল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের খেলায়। প্রায় তিন হাজারের মতো দর্শক হয়েছিল খেলায়। প্রবল বৃষ্টি; তার মধ্যে একটু পর পর গ্যালারি থেকে হুঙ্কার 'বাংলাদেশ, বাংলাদেশ'। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের এই খেলায় ৩-০ গোলে পাকিস্তানকে বধ করে বাংলাদেশ। সার্থক হলো দর্শকদের সমর্থন। খেলা শেষ হওয়ার পর সবাই দাঁড়িয়ে তালি বাজিয়ে শুভেচ্ছা জানালো বাংলাদেশ দলকে। খেলা শেষ হওয়ার পরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। তার মাঝে কথা হলো জসিমউদ্দিন নামের নারায়ণগঞ্জের এক দর্শকের সঙ্গে। কাক ভেজা হয়ে আনন্দে লাফাতে লাফাতে তিনি বললেন, "আমি মোহামেডান সমর্থক। তাই মোহামেডান গ্যালারিতে বসেছি। আমার দেশ জিতেছে। কি যে ভালো লাগছে ভাই, আপনাকে বোঝাতে পারবো না।" এরপর প্রশ্ন রাখেন, "আপনিও কি মোহামডান সমর্থক?" পাশে বসা ১২/১৩ বছর বয়সের সোহাগ নামের একটি ছেলে বলে উঠলো, "না, আমি বাংলাদেশ।" যদিও প্রশ্নটা তাকে করা হয়নি। রাব্বি নামের নটরডেম কলেজের এক ছাত্র খেলা দেখতে আসেন মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে। বললেন, "মা বারণ করেছিলেন স্টেডিয়াম আসতে। আমি তো এমিলির ভক্ত। আমার আসাটা সার্থক হয়েছে। কেননা প্রথম গোলটাই যে তিনি দিয়েছেন।" এত দর্শকের মাঝে ব্যতিক্রম কেবল সোহেল। ইউরোপের ফুটবলের ঘোর ভক্ত সোহেল এসেছিলেন পাকিস্তানের মাঝমাঠের খেলোয়াড় আদনান আহমেদের খেলা দেখতে। এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে খেলোয়াড় আদনানের খেলা দেখে খুবই হতাশ তিনি। হাসতে হাসতে বললেন, "ওনার (আদনানের) চাইতে তো আমাদের ছেলেরাই ভালো খেললেন।" "বৃষ্টি ভেজা মাঠে খেলেছে বলেই বাংলাদেশ জিতেছে," এই দাবি করলেন আরেফিন। লাহোরে ফিরতি খেলায় না আবার চার গোল খেয়ে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ে বাংলাদেশ, এই ভয়টাও সবার মনে ঢোকাতে চাইলেন তিনি। সমস্বরে প্রতিবাদ করলেন আশপাশে দাঁড়ানো লোকজন। তার সবাই ঘোষণা করলেন, বাংলাদেশ হারবে না। ফুটবলপ্রেমী বাংলাদেশিদের মনের আশাও তো এটাই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২১১ ঘ.