ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্দান্ত, দুর্বার বাংলাদেশ। বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
ফলে দ্বিতীয় পর্বে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ। আর দ্বিতীয় পর্বে ওঠার জন্য ৩ জুলাই ফিরতি খেলায় পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে, কমপক্ষে ৪-০ গোলে। এর চেয়ে কম ব্যবধানে জিতলে বা ড্র হলে বাংলাদেশ চলে যাবে পরের পর্বে।
এই পর্বে প্রতিপক্ষ হিসেবে থাকছে লেবানন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার মাত্র ৩৬ সেকেন্ডে গোল করে আক্রমণভাগের খেলোয়াড় জাহিদ হাসান এমিলি এগিয়ে নেন বাংলাদেশ দলকে। আড়াআড়িভাবে উঁচু করে মোনায়েম খান রাজু বল ফেলেন প্রতিপক্ষের গোলমুখে। এমিলি তা পাঠিয়ে দেন জায়গা মতো।
কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে পাকিস্তান নাজেহাল হয়ে পড়ে। একেবারে খেই হারিয়ে ফেলে খেলার ২২ মিনিটে আরেকটি গোল খেয়ে। এবার গোল করেন মাঝমাঠের খেলোয়াড় জাহিদ হোসেন।
অনেকটা একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বলটি নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে মাটি কামড়ানো শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে।
ভাগ্য ভালো পাকিস্তানের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ) বেঁচে যায় তারা। আড়াআড়িভাবে এমিলি বল ঠেলে দেন শাকিলের কাছে। চলন্ত বলে প্রচণ্ড শট নেন তিনি। বল চলে যায় ক্রসবার ঘেঁষে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুর্বার ছিল বাংলাদেশ। তাই আরেকটি গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৫৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দলের পক্ষে তৃতীয় গোল করেন রক্ষণভাগের খেলোয়াড় রেজাউল করিম বিপ্লব। তাকে বল বানিয়ে দেন মিথুন চৌধুরী।
স্বাগতিকরা ছয় গোলে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না। গোল তিনটি করলেও সুযোগ নষ্ট হয়েছে বেশ কয়েকটি।
খেলায় গোল করার মতো সুযোগ পাকিস্তান একবারই পেয়েছে। ১১ মিনিটে মোহাম্মদ আরিফের শট বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের হাত ফসকে যায়। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের সবচেয়ে সব চেয়ে বড় জয় নয়। এর আগে ১৯৯৯ সালে ভারতের গোয়ায় সাফ ফুটবলে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/টিআর/২৩১৫ ঘ.
bdnews24