ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে মেয়েদের এককের সেমিফাইনালে পৌঁছে গেছেন মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, পেত্রা ভিতোভা ও সাবিনা লিসিচকি।
সেমিতে শারাপোভার মুখোমুখি হবেন লিসিচকি। আর অ্যাজারেঙ্কা খেলবেন ভিতোভার বিপক্ষে। খেলা হবে বৃহস্পতিবার।
এবারের উইম্বলডনে দারুণ খেলছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ছয় নম্বর খেলোয়াড় রাশিয়ার শারাপোভা। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তিনি ৬-১ ও ৬-১ গেমে উড়িয়ে দেন র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর খেলোয়াড় স্লোভাকিয়ার দোমিনিকা চিবুলকোভাকে।
অথচ র্যাঙ্কিং সেরা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে শেষ ষোলতে বিদায় করে দিয়ে শেষ আটে পৌঁছেছিলেন চিবুলকোভা।
২০০৬ সালের পর এই প্রথম শারাপোভা উইম্বলডনের সেমিতে পৌঁছালেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা হিসেবে উইম্বলডন জিতেছিলেন তিনি ।
ম্যাচ শেষে শারাপোভা বলেন, "এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। তবে আমি বলতে চাই আমি এখানেই থামছি না। আমি আরো এগিয়ে যেতে চাই।"
র্যাঙ্কিয়ের পাঁচ নম্বর খেলোয়াড় বেলারুশের অ্যাজারেঙ্কাও সহজেই সেমিফাইনালে পৌঁছান। তিনি সরাসরি ৬-৩ ও ৬-১ গেমে হারান অবাছাই অস্ট্রিয়ার তামিরা পাজেককে।
তবে ভিতোভা ও লিসিচকিকে ঘাম ঝরিয়েই সেমিফাইনালে পৌঁছাতে হয়েছে।
চতুর্থ রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে বিদায় করে দেয়া ভিতানা পিরোনকোভা মঙ্গলবার ভুগিয়েছেন চেকপ্রজাতন্ত্রের ভিতোভাকে। প্রথম সেট ভিতোভা ৬-৩ এ জিতে নিলেও টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে নেন পিরোনকোভা। তবে তৃতীয় সেটে আর কোনো ভুল করেননি র্যাঙ্কিংয়ের আট নম্বর খেলোয়াড় ভিতোভা। ফলে ৬-৩, ৬-৭(৫) ও ৬-২ গেমে হেরে যান পিরোনকোভা।
পিরোনকোভার মত ম্যারিয়ন বারতোলিও টাইব্রেকারের দ্বিতীয় সেট জিতে নেন। তবে শেষ পর্যন্ত পারেননি জার্মানির সাবিনা লিসিচকির সঙ্গে। লিসিচকি ৬-৪. ৬-৭(৪) ও ৬-১ গেমে হারান র্যাঙ্কিংয়ের নয় নম্বর খেলোয়াড় বারতোলিকে।
জার্মান টেনিসের জীবন্ত কিংবদন্তী স্টেফি গ্রাফ সর্বশেষ ১৯৯৯ সালে উইম্বলডন সেমিফাইনাল খেলেছিলেন। তার পর লিসিচকিই প্রথম কোনো জার্মান মেয়ে যিনি উইম্বলডনের সেমিফাইনাল খেলবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১৫৬ ঘ.
bdnews24