২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টমিচের কীর্তি

বরিস বেকার কীর্তিটা গড়েছিলেন ১৯৮৬ এর উইম্বল্ডনে। দীর্ঘ ২১ বছর পর বেকারের সমতায় এসে দাঁড়ালেন বার্নার্ড টমিচ। ১৮ বছরের এই তরুণ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে পৌঁছে গেছেন উইম্বল্ডনের শেষ আটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিস বেকার কীর্তিটা গড়েছিলেন ১৯৮৬ এর উইম্বল্ডনে। দীর্ঘ ২১ বছর পর বেকারের সমতায় এসে দাঁড়ালেন বার্নার্ড টমিচ। ১৮ বছরের এই তরুণ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়ে পৌঁছে গেছেন উইম্বল্ডনের শেষ আটে। ১৮ বছর বয়সী বরিস বেকার অবশ্য ১৯৮৬ সালে শেষ আটে থামেননি। হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন উইম্বল্ডনের শিরোপা। টমিচ তা পারবেন কি না, তা সময় বলে দেবে। তবে তার আগেই আলোচনায় চলে এসেছেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ানরা ধরেই নিয়েছিল তাদের টেনিসের সূর্যাস্ত হয়ে গেছে। কিন্তু তরুণ টমিচ যেন আশার আলো হয়ে দেখা দিয়েছেন। সোমবার শেষ ষোলোর লড়াইয়ে ২০০২ সালের উইম্বল্ডন সেমিফাইনালে খেলা হাভিয়ের মালিসকে ৬-১, ৭-৫ ও ৬-৪ গেমে সরাসরি হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটেন টমিচ। নিজের এমন সাফল্য কি ভাবছেন এই তরুণ? শুনুন তার মুখেই,"অসম্ভব অর্জন। দারুণ লাগছে। উইম্বল্ডনে এমন কিছু করতে পারা সম্মানের ব্যাপার।" মালিসকে হারানোর আগে তৃতীয় রাউন্ডে উইম্বল্ডন থেকে বিদায় করেছেন রবিন সোদরলিংকে। সে জয়ও ছিল সরাসরি সেটে। টমিচ বলেন,"দুটি আলাদা জয়। কিন্তু আজ (সোমবার) আমি খেলেছি বড় জায়গায় স্থান (কোয়ার্টার ফাইনাল) করে নেওয়ার জন্য। এমন জয় আমি চেয়েছিলাম এবং এর জন্য নিজেকে প্রস্তুতও করে ছিলাম। সর্বোপরি ভালো খেলেছি।" শেষ আটে টমিচের প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। রাফায়েল নাদাল ও রজার ফেদেরার ছাড়াও জকোভিচ চলতি উইম্বল্ডনের অন্যতম 'ফেভারিট'। তবে টমিচকে হাল্কাভাবে নেননি জকোভিচ। তিনি বলেন, "আমার সঙ্গে বার্নার্ডের কথা হয়েছে। অমিত সম্ভাবনাময় খেলোয়াড় সে। নিজের সামর্থ্য দেখিয়েছেনও তিনি। ঘাসের মাঠে খেলতে সে ভালোবাসে। প্রতিপক্ষকে খেলার জন্য যথেষ্ট সময় দেয় না। 'ফ্ল্যাট' শট খেলতে পছন্দ করে।" বুধবার সেমিফাইনালের জন্য লড়বেন টমিচ ও জকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২৪৬ ঘ.