২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান লড়াই বুধবার সন্ধ্যায়

বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ও পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় জেতার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ও পাকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মাঠে নামছে দল দুটি। খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টায়। ফিরতি খেলা হবে ৩ জুলাই, পাকিস্তানের লাহোরে। পরিসংখ্যান বলছে, কোনো দলই কারো চেয়ে খুব একটা পিছিয়ে নেই। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। বাংলাদেশ জিতেছে ৬ বার। ৬ বার জিতেছে পাকিস্তানও। দু'টি খেলা শেষ হয়েছে অমীমাংসিতভাবে। তবে পরিসংখ্যান নিয়ে ভাবছে না বাংলাদেশ। আশা করছে জয়ের। বাংলাদেশ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, "আমরা যদি নিজেদের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারি, তাহলে অবশ্যই জিতবো। নতুন কোচের অধীনে দলের প্রত্যেকে ভালো খেলতে মরিয়া। তাই জিতেই মাঠ ছাড়তে পারবো বলে আমার বিশ্বাস।" বাংলাদেশের কোচ মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কি বলেন, "মাত্র দু'দিনের প্রস্তুতিতে ভালো কিছু করা সম্ভব না। এছাড়া আমি বাংলাদেশ দলকে দেখেছি মাত্র অল্প কয়েকদিন ধরে। এরপরও আমি ভালো কিছুর প্রত্যাশা করছি।" "কথায় নয়, কাজ করে প্রমাণ দেব আমি কি করতে পারি," বলেন বাংলাদেশ কোচ। ইলিয়েভস্কি জানান, ৪-৪-২ অথবা ৪-৫-১ পদ্ধতিতে খেলবে তার দল। গোলপোস্টে দাঁড়াবেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। রক্ষণভাগ সামাল দেবেন নাসিরুল ইসলাম নাসির, আরিফুল ইসলাম, রেজাউল করিম বিপ্লব ও আতিকুর রহমান মিশু। মাঝমাঠে খেলবেন মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন ও শাকিল আহমেদ। আক্রমণভাগে থাকবেন জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরী। ৪-৫-১ পদ্ধতি বেছে নেয়া হলে মাঝমাঠে থাকবেন পাঁচ খেলোয়াড়। সে ক্ষেত্রে মাঝমাঠে খেলবেন মারুফ আহমেদ। আর দল থেকে বাদ পড়বেন মিথুন চৌধুরী। জিততে চান পাকিস্তান কোচ তারিক লুৎফিও। সাংবাদিকদের তিনি বলেন, "জেতার জন্যই আমরা খেলতে এসেছি। জিতেই দেশে ফিরতে পারবো বলে আমার বিশ্বাস।" "আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে," বলেন তিনি। অধিনায়ক জাফের খান বলেন, "আমাদের দল যথেষ্ট ভালো। বাংলাদেশের বিপক্ষে জিতবো বলে আশা করছি।" আগের তুলনায় দলটি অনেক ভালো বলে মনে করেন তিনি। পাকিস্তান দলে চারজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তবে জন্মসূত্রে তারা পাকিস্তানের নাগরিক। তাদের মধ্যে তিনজন ইংল্যান্ডে ও একজন অস্ট্রেলিয়ায় খেলেন। তারা হলেন আতিফ বশির, জিসান রহমান, আদনান ফারুখ (ইংল্যান্ড) ও আহমদ আকবর খান (অস্ট্রেলিয়া)। পাকিস্তান দল: জাফের খান (অধিনায়ক), জাহাঙ্গীর খান, শামের ইসহাক, আলমগীর খান, কামরান খান, এম আহমদ, আতিফ বশির, জিসান রহমান, ফয়সাল ইকবাল (সহ-অধিনায়ক), মনজুর আহমেদ, আরিফ হোসাইন, খালেমউল্লাহ, মেহমুদ খান, হোসাইন আব্বাস, আহমেদ আকবর খান, আরিফ মেহমুদ, এম কাসিম, এম ইকরাম, এম রাসেল ও আদনান ফারুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২২ ঘ.