ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, সেরেনা উইলিয়ামস। শেষ আটে পা রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা।
স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার কাছে হারের আগে লড়াই করেছেন ডেনমার্কে ওজনিয়াকি। শীর্ষ বাছাই ওজনিয়াকি শুরু করেছিলেন দুর্দান্ত। প্রথম সেট জেতেন ৬-১ এ। কিন্তু দ্বিতীয় সেটে কী যেন হয়ে গেল। টাইব্রেকারে হেরে গেলেন, ৬ (৫)-৭ (৭)। পরের সেটেও লড়লেন, কিন্তু কাজ হয়নি ৭-৫ এ তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন ২৪তম বাছাই চিবুলকোভা।
ফ্রান্সের মারিয়ো বার্তোলির কাছে ৬-৩ ও ৭ (৮)- ৬ (৬) গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সপ্তম বাছাই সেরেনা। প্রথম সেটে বেশ সহজ জয় পান নবম বাছাই বার্তোলি। কিন্তু দ্বিতীয় সেটে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তার। টাইব্রেকারে জিতে অবশ্য শেষ হাসি বার্তোলিরই।
চতুর্থ বাছাই আজারেঙ্কার অবশ্য নাদিয়া পেত্রোভার বিপক্ষে জিতেছেন বেশ সহজেই। ৬-২ ও ৬-২ গেমে পা রেখেছেন শেষ আটে। সেখানে তার সঙ্গী পঞ্চম বাছাই শারাপোভাও। প্রথম সেটে চীনের পেং সুই একটু লড়াই করলেও দ্বিতীয় সেটে অসহায় আত্মসমর্পন করেন।
ছোট বোনের মতো হেরে গেছেন বড় বোন ভেনাস উইলিয়ামসও। বুলগেরিয়ার সভেৎনা পিরনকোভার কাছে হারেন ৬-২ ও ৬-৩ ব্যবধানে। ২৩তম বাছাই ভেনাস ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেন নি ৩২তম বাছাই পিরনকোভার বিরুদ্ধে।
এছাড়াও শেষ আটে পা রেখেছেন পেট্রা ভিটোভা, সাবিন লিসিকি ও তামিরা পাসজেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৭ ঘ.
bdnews24