২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভার প্লেটের অবনমন, দাঙ্গায় আহত ৬৮

রিভার প্লেটের সাবেক খেলোয়াড় ও কলম্বিয়ার তারকা রামাদেল ফ্যালকাও ম্যাচ শুরুর আগে টুইটারে লিখেছিলেন, "এগিয়ে যাও প্লেট। জয় করো নিজের ভালো সময়, একই সঙ্গে খারাপ সময়ও।" কিন্তু তার প্রার্থনা কাজে আসেনি। প্রমোশন-রেলিগেশন প্লে অফ ম্যাচে বেলগ্রানোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে রিভার প্লেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিভার প্লেটের সাবেক খেলোয়াড় ও কলম্বিয়ার তারকা রামাদেল ফ্যালকাও ম্যাচ শুরুর আগে টুইটারে লিখেছিলেন, "এগিয়ে যাও প্লেট। জয় করো নিজের ভালো সময়, একই সঙ্গে খারাপ সময়ও।" কিন্তু তার প্রার্থনা কাজে আসেনি। প্রমোশন-রেলিগেশন প্লে অফ ম্যাচে বেলগ্রানোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে রিভার প্লেট। দলটির ১১০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অবনমনের শিকার হলো তারা। দলের এমন পরাজয় মেনে নিতে না পেরে দাঙ্গায় লিপ্ত হয় রিভার সমর্থকেরা। এতে ছয় পুলিশসহ ৬৮ জন আহত হয়। গ্রেফতার হয় ৫০ জন। গাড়িতে ধাক্কা খাওয়া এক পুলিশের অবস্থা আশঙ্কাজনক। সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণে খেলাও শেষ হতে পারেনি। বাধ্য হয়ে ৮৯ মিনিটের সময় খেলার শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি। ১-১ গোলে ম্যাচ শেষ হওয়ায় ৩-১ গোলে এগিয়ে থেকে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বেলগ্রানা উঠে যায় আর্জেন্টিনার এ ডিভিশন লিগে। প্রথম পর্বের খেলায় ২-০ গোলে হারায় অবনমন ঠেকাতে কমপক্ষে তিন গোল দিতে হতো রিভার প্লেটকে। ৫ মিনিটের সময় পাবোনের গোলে আশার দেখা পায় রিভার সমর্থকরা। ৬২ মিনিটে গুইলেরমা ফারে সেই গোল শোধ করে দেন। কিছুক্ষণ পর পেনাল্টি পায় রিভার প্লেট। ৫০ হাজার সমর্থকের সামনে 'নাভার্স' পাভোনে পেনাল্টি 'মিস' করে বসেন। আর্জেন্টিনার সবচেয়ে সফল দলটির ভাগ্য লেখা হয়ে যায় অবনমন। ভাবা যায়, ৩৩ বছর আর্জেন্টিনার লিগ জয়ী দলটি সামনের মৌসুমে সবোর্চ্চ লিগে খেলবে না! হবে না কোনো সুপারক্লাসিকো ম্যাচও । মুখোমুখি হবে না একই শহরের দুটি কালজয়ী দল রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। রিভার সমর্থকেরা খেলা শেষ হওয়ার আগেই মাঠে পাথর ও লোহা ছুঁড়ে মারতে শুরু করে। রেফারি ম্যাচের ইতি টানেন। এরই মাঝে দেখা যায়, রিভার খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। গ্যালারির দাঙ্গা ততক্ষণে স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে। ২,২০০ পুলিশ মোতায়ান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অশ্বারোহী পুলিশ ও জলকামান ব্যবহার করা হয়। ৪০ এর দশকে রিভার প্লেটে খেলেছেন কিংবদন্তী ফুটবলার অ্যালফ্রেড ডি স্টেফ্যানো। ৭০ এর দশকে আর্জেন্টিনার কিংবদন্তী ড্যানিয়েল প্যাসেরেলাও রিভার প্লেটের সদস্য ছিলেন। ৯০ এর শেষের দিকে রবার্তো আয়ালা, হার্নান ক্রেসপো, মার্সেলো সালাস, পাবলো আইমারও বুয়েন্স এইরেসের দলটিতে খেলেছেন। এখনকার তারকা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ ও রামাদেল ফ্যালকাওয়ের উত্তরণ কিন্তু রিভার প্লেট দিয়েই। কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে যাওয়া বার্সেলোনার হাভিয়ের মাসচেরানোও এক সময় রিভার প্লেটে খেলতেন। এত জনপ্রিয় দলটির অবনমন মেনে নেয়া যায় না। এই দুঃসময়েও দলটির সভাপতি প্যাসেরেলার কণ্ঠে জেগে ওঠার আহ্বান,"আমরা লড়ে যাবো। দলটিকে নতুন করে গুছিয়ে তুলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭০৬ ঘ.