ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ২-১ গোলে কানাডাকে হারিয়ে শুভ সূচনা করেছে।
জার্মানির পক্ষে গোল দুটি করেন ক্রাস্টিন গ্যারেফ্রেকস ও সেলিয়া ওকোইনো দা বাবি।
এই ম্যাচটির আগে ফ্রান্স ও নাইজেরিয়ার খেলাটি অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে জার্মানি-কানাডা ম্যাচকেই উদ্বোধনী ম্যাচ হিসেবে ধরা হয়েছে।
সেই খেলায় মেরি লরে দেলির গোলে ফ্রান্স ১-০ হারায় নাইজেরিয়াকে।
দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠানের পর কানাডার বিপক্ষে খেলতে নামে স্বাগতিক জার্মানি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে তখন উপস্থিত ৭৩ হাজার ৬৮০ জন দর্শক।
'ফেভারিট' জার্মানিকে চমকে দিয়ে খেলার প্রথম সুযোগটা তৈরি করে কানাডা। ডি-বক্সের মধ্যে বল পান ক্রিস্টিয়ান সিনক্লিয়ার। যদিও তার শট চলে যায় জার্মান পোস্টের ওপর দিয়ে।
১০ মিনিটের সময় কানাডার জালে বল জড়িয়ে তাদের অঘটনের স্বপ্নে প্রথম আঘাত দেয় জার্মানির গ্যারেফ্রেকস। বাঁ-প্রান্ত থেকে বাবেত পিতার হাওয়ায় বল ভাসান। কানাডার রক্ষণভাগের খেলোয়াড় ম্যারি ইভ নলটাটকে ছিটকে ফেলে মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন গ্যারেফ্রেকস।
২৩তম জন্মদিনের আগের দিনই জন্মদিন পালন করে ফেললেন সেলিয়া ওকোইনা। তার ৪২ মিনিটের গোল দ্বিতীয়বারের মতো জার্মান সমর্থকদের আনন্দে ভাসায়। এই গোলটির উৎস ছিলেন প্রথম গোলদাতা গ্যারেফ্রেকস।
দ্বিতীয়ার্ধে জার্মানি আরও উজ্জীবিত হয়ে মাঠে নামে। আক্রমণের পর আক্রমণে দিশেহারা করে দেয় কানাডার রক্ষণভাগকে। কিন্তু শেষ মুহূর্তের নাটক তখনো বাকি। ৮২ মিনিটের সময় ক্রিস্টিন সিনক্লেয়ারের বাঁকানো ফ্রি-কিক জার্মান প্রাচীর টপকে জালে জড়ালে জমে ওঠে খেলা।
শ্বাসরুদ্ধকর শেষ আট মিনিট কোনোমতে পার করে ২-১ গোলে জয় তুলে নেয় জার্মানি।
রোববার ইংল্যান্ডের মুখোমুখি হবে মেক্সিকো। আর জাপান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৪০০ ঘ.
bdnews24