ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানের নতুন কোচের দায়িত্ব পেয়ে জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি বললেন, তিনি খুশি হয়েছেন।
আর কিছুই বলেননি ইন্টারের নতুন কোচ। তবে স্পোর্টস ইতালিয়ার সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে নতুন দলে যোগ দেয়ার বিষয়টি তিনি তুলে ধরবেন।
শুক্রবার ইন্টার মিলান তাদের ওয়েবসাইটে নতুন কোচ হিসেবে গ্যাসপেরিনির নাম ঘোষণা করে। কোচ লিওনার্দোর স্থলাভিষিক্ত হলেন তিনি। দুই বছরের চুক্তিতে যোগ দেন দলটিতে।
কাগজ-পত্রে সই করে ফেললেও অর্থ-কড়ির বিষয়টি এখনো পরিষ্কার নয়। ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তি এই মুহূর্তে ইতালির বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই দু'পক্ষ এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
গ্যাসপেরিনির ইন্টারে যোগদান তেমন আলোড়ন তুলতে পারেনি, যেমনটা পেরেছিলেন আন্দ্রে ভিলাস-বোয়াস। মাত্রই চেলসিতে যোগ দেয়া ভিলাস-বোয়াসের কোচিং-জীবন অবশ্য বেশ সমৃদ্ধ। আর রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর সঙ্গে কাজ করেছেন বলে সংবাদ মাধ্যমগুলোও ঢালাওভাবে তাকে নিয়ে সংবাদ প্রচার করে গেছে।
মজার ব্যাপার হচ্ছে, মরিনহোর সঙ্গে গ্যাসপেরিনিরও একটি সংযোগ আছে। ২০০৮-০৯ মৌসুমে সেরি আর দল জেনোয়াকে অপ্রতিরোদ্ধ করে তুলেছিলেন গ্যাসপেরিনি। সেই মৌসুমে তার দল লিগে পঞ্চম স্থান দখল করে। তার প্রশিক্ষণের ধারা দেখে সেই সময়কার ইন্টার কোচ মরিনহো বলেছিলেন, গ্যাসপেরিনির জন্য তিনি লিগে বেশ বিপদেই আছেন। মরিনহোর মুখ থেকে যিনি এমন কথা বের করার ক্ষমতা রাখেন, তাকে অবহেলা করা নিশ্চয় ঠিক নয়।
গ্যাসপেরিনিকে নিয়ে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, গত নভেম্বরে দলের বাজে খেলার কারণে তাকে কোচের পদ থেকে বরখাস্ত করে জোনোয়া। মাঝে মাঝে হিতে বিপরীতও হয়। বরখাস্ত হওয়ার ফলেই কি না বিশ্বের সেরা দলগুলোর একটির কোচ হতে পারলেন তিনি!
তার হাত ধরেই কিন্তু জোনোয়া ২০০৬ মৌসুমে সেরি বি থেকে সেরি আতে উঠে আসে। জোনোয়াতে যোগ দেয়ার আগে কোচ ছিলেন তিনি সেরি সি দল ক্রোটোনের। ক্রোটোনও তার নেতৃত্বে উঠেছিল সেরি বি'তে। তার এই সাফল্যের কারণেই তাকে নিয়ে জুয়াটা খেলার সাহস করছে ইন্টার মিলান।
তেমন বড় কোনো দলের কোচ হতে না পারলেও জুভেন্টাসের যুব দলকে ১৯৯৪ থেকে ২০০৩ পর্যন্ত প্রশিক্ষণ দেন তিনি।
জোনোয়ার কোচ হিসেবে দায়িত্ব পালনকালে দলের সভাপতি এনরিকো পিজিওসি গ্যাসপেরিনির নাম সংক্ষিপ্ত করে রেখেছিলেন 'গ্যাসপারসন'। কারো সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? সভাপতির কাছে গ্যাসপেরিনি ছিলেন জোনোয়ার অ্যালেক্স ফার্গুসন!
'গ্যাসপারসন' কি পারবেন ইন্টারকে সেরি আ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১১ ঘ.
bdnews24