ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কি। এ ব্যাপারে ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তিও সম্পন্ন হয়েছে।
তার বার্ষিক বেতন ঠিক হয়েছে ৭২ হাজার ডলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শনিবার ফেডরেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতে চুক্তিপত্রে সই করেন তিনি।
পরে নতুন কোচকে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাফুফে সভাপতি বলেন, "যোগ্য লোকের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছি বলে আশা করছি, আমরা সফল হবো।"
নতুন কোচ বলেন, "বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে আমি খুশি।" একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, "কতটুকু সফল হব, জানি না। তবে সময়ই এর উত্তর দিয়ে দেবে।"
বাংলাদেশ দল সম্পর্কে তার খুব একটা জানা নেই বলে স্বীকার করেন নিকোলা ভস্কি। তিনি বলেন, "শুক্রবার ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানের খেলা দেখে মনে হয়েছে, অনেক বেশি জায়গা নিয়ে খেলে থাকেন বাংলাদেশের খেলোয়াড়রা। এতে প্রতিপক্ষ খেলার সুযোগ পেয়ে থাকে। এমন অনেক কৌশলের দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।" এসব নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এসেছে আগের কোচ ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচের কথা। কেন তিনি চলে গেলেন কিংবা মেসিডোনিয়ার জর্জি ইয়োভানোভস্কি কেন এলেন না? এসব প্রশ্নেরও দিতে হয়েছে বাফুফে সভাপতিকে।
সালাউদ্দিন বলেন, "রুবচিচ কেন চলে গেলেন, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। তিনি কোনো অভিযোগও করেননি। আর ইয়োভানোভস্কির না আসার কারণও আমরা জানি না।"
এদিকে জাতীয় দলের কোচদের পর্যাপ্ত কাজ দেয়া হয় না বলে যে অভিযোগ রয়েছে সে ব্যাপারে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, "জাতীয় দলের কোনো কার্যক্রম না থাকলে এখন থেকে বয়স ভিত্তিক দলগুলোকে নিয়ে কাজ করবেন নতুন কোচ।"
ইলিয়েভস্কিকে দায়িত্ব দেয়া হয়েছে এক বছরের জন্য। চুক্তির শর্তে মেয়াদ বাড়ানোর ব্যবস্থা রয়েছে।
দয়িত্ব পেয়েই কোচ সরাসরি চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জাতীয় দলের ক্যাম্পে।
নতুন কোচের প্রথম দায়িত্ব হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের এশিয়া অঞ্চলের দু'টি খেলা। ২৯ জুন ঢাকায় হবে প্রথম খেলা এবং ৩ জুলাই ফিরতি খেলা হবে লাহোরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৬ ঘ.
bdnews24