ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনীর খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় কোনো দল করতে পারেনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বেশ জমে ওঠে। তবে গোল আদায় করার মতো খেলেনি কোনো দলই।
এ ড্রয়ের ফলে ঢাকা আবাহনী ২১ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে থেকে গেল তালিকার চতুর্থ স্থানে। এক ম্যাচ বেশি খেলে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তাই আবাহনী পরের খেলায় জিতলেও কোনো লাভ হবে না। কারণ গোল ব্যবধানে এগিয়ে আছে শেখ রাসেল।
আর ঢাকা মোহামেডান ২২ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। দলটি রয়েছে ছয় নম্বরে। তবে পঞ্চম স্থানে ওঠার সুযোগ আছে তাদের। পয়েন্ট তালিকার পঞ্চম দল ব্রাদার্স ইউনিয়ন পরের খেলায় ঢাকা আবাহনীর সঙ্গে হারলে মোহামেডান তাদের টপকে যাবে।
খেলায় আবাহনী বেঁচে যায় দু'বার। ১১ মিনিটে মোহামেডানের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবা বক্সের সামনে গোলরক্ষককে একা পান। তবে গোল করতে পারেননি তিনি।
৭১ মিনিটে আবারো চমৎকার একটি সুযোগ তৈরি করেন সানডে। প্রতিপক্ষের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে।
দু'বার বেঁচে যায় মোহামেডানও। খেলার ২৩ মিনিটে আবাহনীর মাঝমাঠের ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিমের শট মোহামেডান গোলরক্ষক আল হাসানকে পরাস্ত করলেও বল চলে যায় গোলপোস্ট ঘেঁষে।
৪৫ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ইবনুল সিরাজীর শট ক্রসবার ঘেঁষে চলে চলে যায় বাইরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৮ ঘ.
bdnews24