ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ ও রবিন সোদারলিঙ্ক।
১২৫তম উইম্বলডনের চতুর্থ দিনে দ্বিতীয় বাছাই জকোভিচ ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে হারান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডরসনকে।
সার্বিয়ার জকোভিচের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেন নি অ্যান্ডারসন। জকোভিচ এর আগে দুবার উইম্বলডনের সেমিফাইনালে খেলেন। এবার ফাইনালে উঠতে পারলে পুরষদের টেনিসের শীর্ষে দেখা যেতে পারে তাকে।
সাবেক এক নম্বর লেটন হেউইটকে 'ম্যারাথন' ম্যাচে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন পঞ্চম বাছাই সোদারলিঙ। প্রথম দুই সেট হেরে গিয়েও তিনি জেতেন ৬ (৫)-৭ (৭), ৩-৬, ৭-৫, ৬-৪ ও ৬-৪ গেমে।
অলিভার রোচাসকে ৬-৭ (৭), ৬-১, ৬-০, ও ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন আর্জেন্টিনার মার্টিন ডেল পোর্টো। ২০০৯ সালে ইউএস ওপেন জেতা পোর্টোকে লড়াই করতে হচ্ছে চোটের সঙ্গে।
তৃতীয় রাউন্ডে উঠেছেন ডেবিড নালবান্ডিয়ানও। আর্জেন্টিনার এই খেলোয়াড় ৬-৩, ৩-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারান হায়ডার-মাওরারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৩ ঘ.
bdnews24