ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।
কক্সবাজার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার পক্ষে গোল করেন দলের মাঝমাঠের খেলোয়াড় আরমান আজিজ ও আক্রমণভাগের সুদানের খেলোয়াড় জেমস মগা। চট্টগ্রাম মোহেমডানের পক্ষে এক গোল শোধ করেন শাহেদুল।
খেলার ১০ মিনিটে আরমান আজিজের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মুক্তিযোদ্ধা। ৫০ মিনিটে জেমস মগা গোলটি দেন।
লিগে মগার এটি ১৭তম গোল। গোলদাতার তালিকায় তিনি এখন সবার ওপরে। ১৫ গোল করে ঢাকা আবাহনীর ঘানার খেলোয়াড় থুয়াম ফ্রাঙ্ক আছেন দ্বিতীয় স্থানে।
খেলার ৬৮ মিনিটে শহিদুল একটি গোল শোধ করেন।
২১ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে তালিকার দ্বিতীয় স্থানে। আর সমান খেলায় চট্টগ্রাম মোহামেডানের পয়েন্ট ১৭।
২১ খেলায় ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে নিজেদের শেষ খেলায় ব্রাদার্স ইউনিয়েনের সঙ্গে এক পয়েন্ট পেলেই শেখ জামালের শিরোপা নিশ্চিত হয়ে যাবে।
আর ব্রাদার্স ইউনিয়নের কাছে শেখ জামাল হারলে এবং মুক্তিযোদ্ধা তাদের শেষ খেলায় জিতলে দুই দলের পয়েন্ট হবে সামান। সে ক্ষেত্রে গোল ব্যবধান অথবা প্লে-অফ ম্যাচের মাধ্যমে লিগ চ্যাম্পিয়ন নির্ধরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৮ ঘ.
bdnews24