২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনুলের বর্ণিল ফুটবল জীবন

এক দশকেরও বেশি সময় জাতীয় দলের গোলরক্ষকের দায়িত্ব পালনের পর শনিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আমিনুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক দশকেরও বেশি সময় জাতীয় দলের গোলরক্ষকের দায়িত্ব পালনের পর শনিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আমিনুল হক। দেশসেরা গোলরক্ষক আমিনুলের ফুটবলে অভিষেক ১৯৯৪ সালে, মোহামেডানের হয়ে। এর পর একে একে খেলেছেন ফরাশগঞ্জ, আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে। বর্তমানে খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ক্লাব ফুটবলে চীনের প্রাচীর হয়ে ওঠা আমিনুলের জাতীয় দলে খেলতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। অভিষেক হয় ১৯৯৮ সালে, কাতারের বিপক্ষে একটি প্রদর্শনী খেলায়। যদিও জাতীয় দলে ডাক পান ১৯৯৬ সালে। সেই থেকে শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি। দেশের হয়ে শেষ খেলেন ২০১০ সালে, গুয়াংজু এশিয়ান গেমসে। তার শেষ খেলায় হংকংয়ের কাছে বাংলাদেশ হারে ৪-১ গোলে। অবসর নেয়ার আগেও তিনি ছিলেন কোচের প্রধান ভরসা। পাকিস্তানের বিপক্ষে রবার্ট রুবচিচের ঘোষিত বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দলে ছিলেন। ফুটবলকে দিয়েছেন অনেক। প্রাপ্তিও কম নয়। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে স্বর্ণ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। ২০০৩ সালে জেতেন সাফ ফুটবলের শিরোপা। এছাড়া ২০১০ সালের ঢাকা এসএ গেমসে সোনা জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। এছাড়া ওই দলের লাগাম ছিল তার হাতে। নিজে গোলরক্ষক, প্রিয় খেলোয়াড়েরাও সব গোলরক্ষক। তাদের মধ্যে আছেন ইকার ক্যাসিয়াস, পিটার স্মাইকেল ও মহসিন। এছাড়া রক্ষণভাগের খেলোয়াড় জুয়েল রানাও তার প্রিয়দের একজন। দেশের ও ক্লাবের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। আজো আমিনুলের মনে দাগ কেটে আছে ২০১০ সাউথ এশিয়ান গেমসের (এসএ) ফাইনালে জয়। আফগানিস্তারের বিপক্ষে ওই খেলায় বাংলাদেশ জেতে ৪-০ গোলে। বিডিনিউজ টোয়েডিন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/টিআর/০০১০ ঘ.