২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুনদের সুযোগ দিতে হবে: আমিনুল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কারণ সম্পর্কে জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক বললেন, নতুনদের সুযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক দশকেরও বেশি সময় জাতীয় দলের গোলরক্ষকের দায়িত্ব পালনের পর শনিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আমিনুল হক। এর কারণ হিসেবে তিনি বলছেন, নতুনদের সুযোগ দেয়ার সময় এসেছে। এ ব্যাপারে কথা বলেন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মাহমুদুল হাসানের সঙ্গে। প্রশ্ন: কেমন আছেন? উত্তর: ভালো। প্রশ্ন: জাতীয় দল থেকে হঠাৎ অবসর নিলেন কেন? উত্তর: আসলে হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। অনেক ভেবে-চিন্তে পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে এখনই সরে যাওয়ার উপযুক্ত সময়। অনেক দিন তো হলো, আর কতো। নতুনদের তো সুযোগ দিতে হবে। প্রশ্ন: আপনার কি মনে হয়, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? উত্তর: আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নিয়েছি। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, আমি আমার নিজস্ব ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি। প্রশ্ন: জাতীয় দলের হয়ে কতদিন খেলেছেন? উত্তর: ১৯৯৬ সালে প্রথম জাতীয় দলে ডাক পাই। ১৯৯৮ সালে কাতারের বিপক্ষে একটি প্রদর্শনী খেলায় অভিষেক হয়। প্রশ্ন: জাতীয় দলের হয়ে শেষ কবে খেলেছেন? উত্তর: ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে। ওই খেলায় হংকংয়ের কাছে বাংলাদেশ ৪-১ গোলে হারে। প্রশ্ন: ব্রাজিল বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দলেও তো ডাক পেয়েছেন। তারপরও অবসরে গেলেন? উত্তর: হ্যাঁ, সদ্য বিদায়ী ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য তার প্রাথমিক তালিকায় আমাকে রেখেছেন। তবে আমি অবসরের ঘোষণা দিয়ে ফেলেছি বলে হয়তো আর খেলা হচ্ছে না। প্রশ্ন: জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আপনার অর্জন কতটুকু? উত্তর: অনেক। ১৯৯৯ সালের কাঠমান্ডু সাফ গেমসে সোনার পদক জয়ী দল, ২০০৩ সালের ঢাকা সাফ ফুটবলের চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের ঢাকা এসএ গেমসে সোনা জয়ী দলের সদস্য ছিলাম। এছাড়া এই দলের (এসএ গেমস) অধিনায়কও ছিলাম আমি। প্রশ্ন: সিদ্ধান্ত পরিবর্তনের কোনো প্রস্তাব পেয়েছেন? উত্তর: হ্যাঁ, অনেক ফোন পেয়েছি। সাবেক ও বর্তমান ফুটবল ও কর্মকর্তাসহ অনেকেই আমাকে সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ করেছেন। কিন্তু যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই আর পাল্টাতে চাই না। কিন্তু সময়ের কারণে আবার অনেক কিছু পরিবর্তন করতে হয়, তাই বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিলাম। প্রশ্ন: আপনার উত্তরসূরি হিসেবে কাকে দেখছেন? উত্তর: মামুন খান, জিয়াউর রহমান, হিমেল ও নেহারের মতো গোলরক্ষকরা উঠে আসছেন। তারা ভালো করবেন বলে আমার বিশ্বাস। প্রশ্ন: ক্লাব ফুটবলে তো খেলছেন? উত্তর: ক্লাব ফুটবল থেকে এখনই সরে দাঁড়াচ্ছি না। আরো কিছুদিন খেলতে চাই ক্লাব পর্যায়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৫ ঘ.