ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০-১১ মৌসুমকে স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে চান চেলসির ফার্নান্দো তোরেস। চার বছরের ইংল্যান্ড জীবনে এত খারাপ সময়ে আসেনি তার, এ কথা জানিয়েছেন দ্য সান পত্রিকাকে।
বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের তালিকায় তোরেসের স্থান চারে। চলতি বছরের ৩১ জানুয়ারি, ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুল থেকে পাড়ি জমান স্ট্যামফোর্ড ব্রিজ, চেলসিতে। তারমানে মৌসুমের অর্ধেক ততদিনে শেষ। লিভারপুলের হয়ে খেলে ফেলেছেন ২৬ ম্যাচ। গোল সংখ্যাও নেহায়েত খারাপ নয়, ৯। কিন্তু এরপরই কি যেন হলো! চেলসিতে শুরুটাই হলো জঘন্য। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওই লিভারপুলই। চরমভাবে ব্যর্থ হলেন তোরেস। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়লো চেলসি। সেই ব্যর্থতা বয়ে বেড়ালেন পরবর্তী ১৭ ম্যাচ, গোলের দেখা পেলেন মাত্র এক বার!
২০১০ বিশ্বকাপও তোরেসকে তেমন কিছু দিতে পারেনি। লিভারপুলের হয়ে যার ১৪২ ম্যাচে ৮১ গোল আর স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৮৪ ম্যাচে ২৬ গোল, সেই তোরেস নিজের প্রথম বিশ্বকাপে গোল পেলেন না একটিও । অথচ ফুটবলের সর্বোচ্চ আসর শুরুর আগে অনেকের চোখে তিনিই ছিলেন মধ্যমণি।
সব ফুটবলারের জীবনেই বাজে সময় আসে। তোরেসও সেই সময়ের আবর্তে আটকা পড়েছেন। সময় এসেছে সেই তিক্ত স্মৃতি ধুয়ে ফেলার। তোরেসের দুটি কথাই বলে দিচ্ছে সব কিছু, "ইংল্যান্ডে আসার পর সবচেয়ে বাজে মৌসুমটা পার করলাম। আমি সবকিছু ভুলে যেতে চাই।"
তাহলে কি চেলসিতে আসার সিদ্ধান্ত ভুল ছিল? এবার মাঠের মতোই আক্রমণাত্মক তোরেস,"চেলসির সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত অবশ্যই ভুল ছিল না। চেলসি নামক 'মেশিন' যখন পুরো রিদমে থাকবে, তখন হারানো সত্যিই কঠিন হবে।"
তবে নিজের এত খারাপ সময়ের জন্য দায়ী করেছেন হাঁটুর চোটকে। চোটটাই বিশ্বকাপ ও ক্লাব ফুটবলে তোরেসকে তোরেসের মতো জ্বলতে দেয়নি,"চোটটাই ভোগালো। বিশ্বকাপ গেলো। এরপর আমার ফুটবল জীবনের সবচেয়ে জটিল মুহূর্তের সৃষ্টি করলো।"
এখন এগিয়ে যাওয়ার সময়। প্রেরণা আছে অফুরন্ত। ২০০৭ সালে ফিরে গেলেই চলবে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লিভারপুলে যোগ দিয়েই প্রথম মৌসুম তোলপাড় করে দিয়েছিলেন। ৪৬ ম্যাচে করেন ৩৩ গোল!
তাই আবার জ্বলে উঠতে চান। মেলে ধরতে চান নিজেকে। চেলসির হয়ে জয় করতে চান ইপিএল শিরোপা।
তিনি বলেন, "আমরা (চেলসি) প্রচুর গোল পাচ্ছি। যা আমাদের সাফল্য এনে দিয়েছে (মৌসুমের শেষ ভাগে)। গত আসরে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে তবে জোর গলায় বলতে পারি, এবার শিরোপা লড়াইয়ে আমরাও যোগ্য দাবীদার।"
দলের সাফ্যলের চাইতে এখন তোরেসের উচিত নিজের ভবিষ্যত নিয়ে বেশি ভাবা। চেলসি মালিক রুশ ধনকুবের রোমান আব্রাহামোভিচের মতিগতি বোঝা বড় দায়। সাফল্য এনে দেয়ার পরও 'হাই প্রোফাইল' কোচদের চোখের পলকে ছেঁটে ফেলার নজির আছে তার। এত দাম দিয়ে কেনা তোরেসের ওপর থেকে মন উঠে গেলে বিপদ! তখন 'এল নিনো'কে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০১০ ঘ.
bdnews24