ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও অ্যাগুয়েরোকে কিনতে হলে ৪ জুলাইয়ের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে অর্থ-কড়ি নিয়ে সমঝোতায় আসতে হবে। তা না হলে ৪৫ মিলিয়ন ইউরোর এক পয়সা কমে অ্যাগুয়েরোকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ জর্জিও মানজানো।
২৩ বছর বয়সী আর্জেন্টিনার এ খেলোয়াড়কে নিয়ে ফুটবল বিশ্বে এখন প্রচন্ড মাতামাতি চলছে। স্পেনের লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আবরণে ঢাকা পড়ে থাকেন সব সময়। তবে এবারের দলবদলে মধ্যমণি তিনিই। রোনালদো ও মেসির দলবদলের কোনো সম্ভাবনা নেই বলে সব দল ঝুঁকে পড়েছে আক্রমণভাগের এই খেলোয়াড়ের প্রতি।
দারুণ শারীরিক গঠন, ছুটতে পারেন দ্রুতগতিতে, রক্ষণভাবে ভীতি ছড়ান অবলীলায় এবং ২০১০-১১ মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ৪১ ম্যাচে করেন ২৭ গোল। এদিক দিয়ে মেসি (৫২ গোল) আর রোনালদোর (৫৩) চেয়ে নিঃসন্দেহে অনেক পেছনে পড়ে আছেন তিনি। তারপরও ফুটবল দুনিয়ায় তিনি নিজেকে মেলে ধরেছেন তার মতো করে।
জুভেন্টাস না কি 'এল কুন'কে দলে নিতে বদ্ধপরিকর, এমন কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। যদিও অ্যাগুয়েরোর এজেন্ট জানিয়েছেন, তুরিনের দলটির সঙ্গে কোনো কথা হয়নি তার।
অ্যাটলেটিকো মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও চায় অ্যাগুয়েরোকে। এই গুঞ্জন মোটামুটি সত্য বলেই ধরে নেয়া হলো, যখন মেসুত ওজিল ও রিয়াল কোচ হোসে মরিনহো অ্যাগুয়েরো বন্দনায় মেতে উঠলেন। কিন্তু অ্যাটলেটিকোর নতুন কোচ মানজানো গত সপ্তাহে এ খবরে পানি ঢেলে দেন। জানান, অ্যাগুয়েরো সান্তিয়াগো বার্নেব্যুতে যাবেন না; এ ব্যাপারে মাদ্রিদের দল দু'টো সমঝোতায় এসেছে।
তাহলে অ্যাগুয়েরোকে কেনার দৌড়ে বাকি থাকলো কে! সে বিষয়ে পরে ভাবা যাবে। আপাতত বোমাটা ফাঁটিয়েছেন কোচ মানজানোই। স্পেনের দৈনিক এএসকে বলেছেন, "৪ জুলাই পর্যন্ত অ্যাগুয়েরোকে কেনার জন্য আমাদের সঙ্গে দরাদরি করা যাবে। প্রাক মৌসুম শুরু হয়ে গেলেই যে দল তাকে কিনতে চায়, চুক্তির শর্ত অনুযায়ী কিনতে হবে তখন।"
সেই শর্ত অনুযায়ী, অ্যাগুয়েরোর বাজার মূল্য দাঁড়াবে ৪৫ মিলিয়ন ইউরো!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩১৭ ঘ.
bdnews24