ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারার জন্য দুই বিদেশি খেলোয়াড়কে সন্দেহ করছেন মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক।
বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার মোহামেডান ৩-১ গোলে হার মানে শেখ জমালের কাছে।
শফিকুল ইসলাম বলেন, "খেলার শুরু থেকেই আমার দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে ও মাঝমাঠের রুয়ান্ডার খেলোয়াড় আমানির খেলায় ছিল সন্দেহের ছাপ। প্রতিপক্ষ কোনো না কোনোভাবে তাদের প্রভাবিত করে থাকতে পারে।"
"সানডে ঢাকায় খেলতে আসেন শেখ জামালের হয়ে। কিন্তু তারা তাকে দলে না নেয়ায় আমরা তাকে দলে নেই। তাই শেখ জামালের হয়ে তিনি কিছু একটা করে থাকতে পারেন," বলেন মোহামেডান কোচ।
শফিকুল ইসলাম বলেন, "খেলায় তারা দু'জনই ছিলেন অনুজ্জ্বল।" তারা তাদের স্বাভাবিক খেলাও খেলতে পারেননি বলে অভিযোগ করে তিনি বলেন, "অথচ তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক।"
দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও একই অভিযোগ করে বলেন, "আমানি ও সানডের খেলা ছিল সন্দেহজনক। তারা হয়তো কারো দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রতিপক্ষও তাদের প্রভাবিত করে থাকতে পারে।"
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সানডে ও আমানির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৩৬ ঘ.
bdnews24