ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনাকে বিশ্বের সেরা দল মানলেও আপাতত আর্সেনালেই থাকতে চান স্পেনের মাঝমাঠের খেলোয়াড় সেস ফ্যাব্রেগাস।
বার্সার বিখ্যাত 'লা মাসিয়া ইয়ুথ' পদ্ধতির আবিষ্কার ফ্যাব্রেগাস আর্সেনালে যোগ দেন ২০০৩ সালে। তিনি বর্তমানে দলটির অধিনায়ক।
স্পেনে এক অনুষ্ঠানে ফ্যাব্রেগাস বলেন, "শিরোপা জিততে না পারা খুবই হতাশার। বার্সেলোনা দারুণ দল। তারাই বিশ্বসেরা। দলটিতে খেলা মানে নিশ্চিত শিরোপা জয়।" স্পেনের বাজারে একটি সুগন্ধি দ্রব্য ছাড়া উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে ফ্যাব্রেগাসের প্রতিনিধিরা এ সপ্তাহে আলোচনা করবেন। কিন্তু আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার সাফ জানিয়ে দেন, ফ্যাব্রেগাস কোথাও যাচ্ছেন না।
ফ্যাব্রেগাস নিজেও বলেন, "আমি কখনোই বলবো না যে আমি বার্সেলোনায় যোগ দিতে চাই। আট বছর ধরে আর্সেনালে খেলার পর আমি কখনোই দলটির ক্ষতি করবো না।"
"আর্সেনালে আমি ভালোই আছি। ওয়েঙ্গার জানেন আমি কি চাই। আর যেহেতু তিনি কোচ, তাই তিনিই সিদ্ধান্ত নেবেন," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৫ ঘ.
bdnews24