২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হোঁচট খেলো মুক্তিযোদ্ধা

বাংলাদেশ লিগের শিরোপা জয়ের দৌড়ে আবারো হোঁচট খেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার ফরাশগঞ্জের সঙ্গে ১-১ গোলে করে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের শিরোপা জয়ের দৌড়ে আবারো হোঁচট খেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার ফরাশগঞ্জের সঙ্গে ১-১ গোলে করে দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ড্র'র ফলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা জয়ের পথ আরো সুগম হলো। ২০ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে সব দলের উপরে। আর সমান খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে দ্বিতীয় স্থানে। খেলায় ভাগ্যদেবী অবশ্য মুক্তিযোদ্ধার দিকে মুখ তুলে তাকায়নি। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি দলটি। এছাড়া ক্রসবারে লেগে বল ফিরে এসেছে একাধিকবার। মুুক্তিযোদ্ধার আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় বুকোলা ওলালেকানে খেলার ৩৫ মিনিটে দলকে এগিয়ে নেন। মিথুন চৌধুরীর বাড়ানো বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন বুকোলা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ) গোল শোধ করে ফরাশগঞ্জ। গোল করেন দলের আক্রমণভাগের কঙ্গোর খেলোয়াড় সিও জুনাপিও। মাঝমাঠ থেকে বলটি নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে প্রচণ্ড শট নেন জুনাপিও। মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের হাতে লেগে জালে জড়িয়ে যায় বল। অফসাইড হওয়ায় ৬৫ মিনিটে মুক্তিযোদ্ধার একটি গোল বাতিল করে দেন রেফারি। জেমস মগা 'ব্যাকহেড' করে বল দেন বুকোলার কাছে। সঙ্গে সঙ্গে তীব্র শট নেন তিনি। বলও জড়িয়ে যায় জালে। গোলটি বাতিল করায় মাঠে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ জন্য খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। খেলার ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধা। আক্রমণভাগের সুদানের খেলোয়াড় জেমস মগার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। দলের আক্রমণভাগের খেলোয়াড় ইয়ামিন মুন্নার শট ফরাশগঞ্জের রক্ষণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় আমাদি মোজেসের হাতে লাগলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন। মুক্তিযোদ্ধা আরো সহজ সুযোগ হাতছাড়া করে খেলার শেষ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মিথুন চৌধুরী। তার 'হেড' ক্রসবারের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। মিথুনকে বলটি বানিয়ে দিয়েছিলেন জেমস মগা। এই খেলায় জিতে ১৯ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ উঠে এসেছে পয়েন্ট তালিকার নয় নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৩ ঘ.