ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পালের্মোর প্রাণভোমরা হাভিয়ের পাস্তোরেকে দলে টানার জন্য টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে ইউরোপ ফুটবলের তিন 'জায়ান্ট' চেলসি, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পালের্মো সভাপতি মাউরিজিও জামপারিনি এমনটাই দাবি করছেন।
ইতালির সেরি আ'র দল পালের্মো ফুটবল অনুসারীদের কাছে খুব একটা পরিচিত নাম নয়। তবে ২০১০-১১ মৌসুমে চমক জাগানো এক খেলোয়াড়ের উত্থানে এখন অনেকের কাছেই পরিচিত ঠেকছে পালের্মোর নাম। সেই খেলোয়াড় হলেন আর্জেন্টিনার হাভিয়ের পাস্তোরে। ২০০৯ সালে যাকে মাত্র ৫ মিলিয়ন ইউরো দিয়ে আর্জেন্টিনার দল হুরাকেন থেকে কিনে নেয় সেরি আ'র দলটি। পাস্তোরের অভাবিত সাফল্যে এখন তাকে বেচতে ১০ গুণ দর হাঁকছেন ক্লাব সভাপতি। ৫০ মিলিয়ন ইউরো পেলে তবেই পাস্তোরেকে ছাড়বেন তিনি!
কি এমন করলেন যে দলবদলের বাজারে এত মূল্য উঠছে পাস্তোরের? পরিসংখ্যান বলছে, গত মৌসুমে দলের হয়ে ৭৮ ম্যাচে গোল করেছেন সবে ১৭টি। আর গোলের যোগান দিয়েছেন ১১ বার। এই পরিসংখ্যানে তাকে মাপতে গেলে ভুলই হবে। দলকে লিগ তালিকায় আট নম্বরে নিয়ে এসেছেন প্রায় একাই। সেমিফাইনালে এসি মিলান দুর্গ পাড়ি দিয়ে দলকে নিয়ে যান কোপা ইতালিয়ার ফাইনালে। ফাইনালটা আর জেতা হয়নি স্যামুয়েল ইতোর অসাধারণ 'পারফর্মেন্স'র কারণে।
ছোটখাট গড়নের ২২ বছরের পাস্তোরে পালোর্মোর গোলাপী জার্সিতে যেন একেবারেই অপ্রতিরোধ্য। চেলসি, রিয়াল আর বার্সাতো আর সাধে পাগল হয়নি।
শুনুন পালোর্মা সভাপতির বক্তব্য, "চেলসি, রিয়াল ও বার্সা পাস্তোরেকে চায়।"
রেডিও রেডিও টিভিকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "আমি তার এজেন্টকে বলেছি, বাজারে সম্পর্কে একটু ধারণা নিতে। কোন কোন দল আগ্রহী তাকে নিতে, যেন খোঁজ নেয়।"
এই না হলে ব্যবসায়ী! বিপুল অঙ্ক এনে দিতে পারা 'সোনার হাঁস' পাস্তোরেকে তাহলে ছেড়েই দেবে পার্লেমো। এখন শুধু অপেক্ষা এল ফালকোর (পাস্তোরের ডাকনাম) দলবদলের খবরের জন্য। চেলসি সেই দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে। কোচহীন দলটি তাদের আক্রমণভাগ সাজাতে চায় টটেনহ্যাম হটস্পারের লুকা মরিচ ও পাস্তোরেকে দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২১৫৮ ঘ.
bdnews24