ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের টিকেট সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে ১৫ জুলাই। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো টিকেট কিনতে পারবে ২০ জুন থেকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
খেলা হবে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দল দু'টি ঢাকায় আসবে ৩ সেপ্টেম্বর।
খেলার টিকেটের দামও নির্ধারণ করেছে বাফুফে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য পশ্চিম গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে ১০ হাজার ৬০০ টাকা। দর্শকদের জন্য ১০ হাজার টাকা। এই গ্যালারির আসন সংখ্যা ১২ হাজার।
পূর্ব গ্যালারির টিকিটের দাম ৭ হাজার ৫০০ টাকা। শুধুমাত্র সাধারণ দর্শকরা এই গ্যালারির টিকেট কিনতে পারবেন। আসন সংখ্যা ৯ হাজার।
স্পেশাল এনক্লোজারের টিকিটের দাম ১৫ হাজার টাকা করে। আসন সংখ্য ৪৮৬।
আর ভিআইপি গ্যালারির (নিচ) টিকিটের দাম ধরা হয়েছে ১৫ হাজার টাকা। আসন সংখ্যা ১,৩৫৪। আর উপরের অংশের টিকিটের দাম ঠিক করা হয়েছে ২০ হাজার টাকা। আসন সংখ্যা ৫৪০।
২৩৫ আসনের স্পেশাল হসপিটালিটি বক্সের প্রতিটি টিকিটের দাম ৩০ হাজার টাকা। প্রেসিডেন্ট বক্সের টিকেটের দাম ৫০ হাজার টাকা। আসন সংখ্যা ২২৪।
আর হসপিটালিটি বক্সের টিকিটের দাম ১৫ লাখ টাকা করে। হসপিটিালিটি বক্স রয়েছে ১২টি। প্রতিটি বক্সের আসন সংখ্যা ২৪টি।
বাফুফে সভাপতি জানান, টিকেট বিক্রি করে ২০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
খেলা আয়োজন করতে বাফুফের ৩৫ কোটি টাকা খরচ হবে বলে কাজী সালাউদ্দিন জানান। তিনি বলেন, বাকি টাকা বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হবে।
খেলাটির পৃষ্ঠপোষকতা করছে শিল্প গোষ্ঠী বেক্সিমকো। শিল্প গোষ্ঠীটির সঙ্গে চুক্তির শর্তে বলা হচ্ছে, খেলা আয়োজন করতে গিয়ে কোনো আর্থিক ক্ষতি হলে তা বহন করবে বেক্সিমকো। আর লাভ হলে তা বাফুফের তহবিলে জমা হবে।
এদিকে আর্জেন্টিনা দলে মেসির থাকার কথা নিশ্চিত করেছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন, "চুক্তির শর্ত অনুয়ায়ী, মেসিকে আনতে হবে। তাই তার না আসা নিয়ে কোনো সংশয় নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৬ ঘ.
bdnews24