ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মেসিডোনিয়া জাতীয় দলের সাবেক কোচ জর্জি ইয়োভানোভস্কিকে। আগের কোচ ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ চলে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হন ইয়োভানোভস্কি।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
রুবচিচ তার দেশ ক্রোয়েশিয়ায় গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। ফলে বাফুফে নতুন কোচ বেছে নিতে বাধ্য হয় বলে জানান বাদল রায়।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বলেন, "বিভিন্নভাবে আমরা রুবচিচের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তিনি সাড়া দেননি। আমরা বহুবার ফোন করেছি, ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু রুবচিচের কাছ থেকে কোনো জবাব পাইনি। তাই সোমবার রাতে আমরা নতুন কোচ নিয়োগ দেয়ার সিন্ধান্ত নেই।"
"আমরা কারো জন্য তো বসে থাকতে পারি না। কারণ সামনে পাকিস্তানের সঙ্গে আমাদের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের দু'টি খেলা রয়েছে," বলেন তিনি।
খেলা দু'টির প্রথমটি হবে ২৯ জুন ঢাকায়। আর ফিরতি খেলা হবে ৩ জুলাই লাহোরে।
এক বছরের জন্য ইয়োভানোভস্কি বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন। ২০ জুন তিনি ঢাকায় আসবেন। তার বার্ষিক বেতন ৬৬ হাজার ডলার। এর আগে ১৪ জন বিদেশি কোচ বাংলাদেশে কাজ করেন।
ইয়োভানোভস্কি যুগোস্লাভিয়া জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত। ১২ ম্যাচে গোল করেন একটি। এছাড়া যুগোস্লাভিয়া, মেসিডোনিয়া ও তুরস্কের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন ১৯৭৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
খেলোয়াড়ী জীবনের মতো ইয়োভানোভস্কির কোচিং-জীবনও সমৃদ্ধ। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা) তাকে প্রথম শ্রেণীর কোচের মর্যাদাও দেয়।
তিনি মেসিডোনিয়া জাতীয় দলের কোচ ছিলেন ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত। এছাড়া তুরস্ক ও মেসিডোনিয়ার বিভিন্ন ক্লাবেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ইয়োভানোভস্কি তার কোচিং-জীবন শুরু করেন ১৯৯৬ সালে মেসিডোনিয়ার ক্লাব ভারদারে। তিনি ক্লাবটিতে যোগ দেন সহকারী কোচ হিসেবে। সর্বশেষ ২০১০ সালের ১৭ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত বুলগেরিয়ার ক্লাব সিএসকে সোফিয়া'র প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ইউরোপা লিগে র্যাপিড ভিয়েনার কাছে ০-২ গোলে হেরে যাওয়ায় বরখাস্ত করা হয় তাকে।
তবে ১৯৯৯, ২০০০, ২০০৫ ও ২০০৬ সালে তিনি মেসিডোনিয়ার সেরা কোচ নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪১ ঘ.
bdnews24