ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে কুইন্স ক্লাব টেনিস শিরোপা ঘরে তুলেছেন যুক্তরাজ্যের অ্যান্ডি মারে। এই মৌসুমে এটা তার প্রথম শিরোপা।
এর আগে ২০০৯ সালে মারে এই শিরোপা জিতেছিলেন। ১৯১৩ সালের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো খেলোয়াড় দুবার এই শিরোপা জিতলেন।
বৃষ্টির কারণে রোববার ফাইনাল খেলাটি হয়নি। পরে সোমবার পর্যন্ত তা পেছানো হয়।
ফাইনালে মারে ৩-৬, ৭-৬(২) ও ৬-৪ গেমে হারান সোঙ্গাকে।
ম্যাচ শেষে মারে বলেন, "এই সপ্তাহ আমি অপরাজিত ছিলাম। আমি অনেক ভালো খেলি না কিন্তু আমি আমার পথ ঠিকই বের করে নিয়েছি। বিশেষ করে শেষ দুটি ম্যাচ তো খুবই মজার ছিলো।"
এখন উইম্বলডনের দিকেই মারের পূর্ণ মনযোগ।
২০ জুন থেকে এই 'গ্র্যান্ড স্লাম' প্রতিযোগিতা শুরু হবে।
মারে বলেন, "এই সপ্তাহে আমার প্রস্তুতিটা দারুণ হয়েছে। তারপরও প্রস্তুত হওয়ার জন্য আগামী পাঁচ-ছয় দিন আমি কঠোর পরিশ্রম করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০০ ঘ.
bdnews24