২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রস্তাবে রাজি নয় ফিফা

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলা ঢাকায় আয়োজনে বাংলাদেশের প্রস্তাব ফিফা নাকচ করেছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের ফিরতি খেলা ঢাকায় আয়োজনে বাংলাদেশের প্রস্তাব ফিফা নাকচ করেছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। ২০১৪ সালের বিশ্বকাপের এশিয়া অঞ্চলের প্রাক-বাছাই পর্বের খেলায় ২৯ জুন মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ৩ জুলাই লাহোরে হবে ফিরতি খেলা। জয়ী দল মুখোমুখি হবে লেবাননের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি সাংবাদিকদের বলেন, "বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) কংগ্রেস চলার সময় দু'টি খেলাই ঢাকায় আয়োজনের জন্য আমরা আবেদন করেছিলাম। তবে ফিফা রাজি হয়নি।" সালাহউদ্দিন বলেন, "খরচ একটা বিষয় বটে। তবে নিরাপত্তাজনিত কারণে আমাদের জাতীয় দলের কোচও পাকিস্তান যেতে চান না, এই বিষয়টিও আমাদের ভাবনায় ফেলেছে।" জাতীয় দলের ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ ২ জুন ঢাকা ছেড়ে তার দেশে চলে যান। এখন পর্যন্ত বাফুফের সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি। সালাউদ্দিন বলেন, "পাকিস্তান সফরে যেতে তার অনীহাই না ফেরার একটা কারণ হতে পারে। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসবাদী হামলার পর থেকে দেশটিতে বাংলাদেশ কোনো ক্রীড়া দল পাঠায়নি। ফুটবল জনপ্রিয় হলেও বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে আছে ১৬৩ নম্বরে। অন্য দিকে র‌্যাঙ্কিংয়ে ১৬৮ নম্বরে আছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩০১ ঘ.