ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল সেরি আ'র উদ্দেশ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন নেমানজা ভিদিচ। এবার মুখ খুললেন ভিদিচের এজেন্ট সিলভারনো মার্টিনি। জানিয়ে দিলেন, ম্যান ইউ'তে থাকছেন ভিদিচ।
ভিদিচকে নিয়ে অনেক দলই টানাটানি করছে। তবে ওল্ড ট্রাফোর্ডের বাইরে পা রাখতে চান না এই বর্ষীয়ান খেলোয়াড়, দাবি মার্টিনির।
জুভেন্টাসে কি যাচ্ছেন ভিদিচ? এমন প্রশ্নের জবাবে টাট্টু স্পোর্টসকে মার্টিনি বলেন, "সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই চায়। দলবদলের বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানান, 'আমি ম্যান ইউ'র অধিনায়ক। ভালো পয়সা উপার্জন করি, সম্ভব প্রায় সব কিছুই আমি পেয়েছি। ইতালি যাওয়ার দরকার কি, যখন সে দেশের ফুটবলে এতো সমস্যা চলছে?"
মার্টিনি আরও বলেন, "তার উত্তরে সব সংশয় দূর হয়েছে। সে সেখানেই থাকবে, যেখানে সে আছে।"
ভিদিচ ২০০৬ সালে স্পার্তাক মস্কো থেকে ম্যান ইউতে যোগ দেন। ২০১০ সালে অগাস্টে ম্যান ইউ ভিদিচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২২২৮ ঘ.
bdnews24